হোম > খেলা > ফুটবল

মেসিদের সামনে মরুর শিয়াল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনুশীলনে ব্যস্ত লিওনেল মেসি। ছবি: এএফপি

আলজেরিয়া বলতেই চোখে ভাসে ধু ধু সাহারা মরুভূমি। সেই মরুর রুক্ষতা মাড়িয়ে যখন একদল ফুটবলার সবুজ মাঠে নামেন, তখন তাঁদের ডাকা হয় ‘মরুর শিয়াল’। কিন্তু বাংলাদেশ সময় কাল সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে যখন এই শিয়ালেরা ওত পাতবে, তখন তাদের সামনে শিকার খোদ বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

তবে আলজেরিয়ার চিন্তার জায়গাটা অন্য। এই ম্যাচের রেফারি হিসেবে যখন সাইমন মার্চিনিয়াকের নাম ঘোষণা করা হলো, আলেজেরীয় সংবাদমাধ্যমগুলো সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

আর তা হওয়ারই কথা! ২০২১ আরব কাপে এই পোলিশ রেফারির দেওয়া ৯ মিনিটের রহস্যময় ইনজুরি টাইমের ক্ষত এখনো ভোলেনি আলজেরিয়া। তবে আর্জেন্টিনার জন্য মার্চিনিয়াক মানেই মধুর স্মৃতি, যা মনে করিয়ে দেয় সাড়ে তিন বছর আগের সেই কাতার মহাকাব্য। অবশ্য আলজেরিয়ার আসল ‘সর্বোচ্চ সতর্কতা’ মাঠের ওই ৩৯ ছুঁই ছুঁই জাদুকরকে নিয়ে।

লিওনেল মেসি নামের সেই জাদুকর আগামীকাল মাঠে নামার সঙ্গে সঙ্গেই ইতিহাসকে নতুন করে লিখবেন। প্রথম ফুটবলার হিসেবে পা রাখবেন ছয়টি বিশ্বকাপ খেলার কীর্তিতে। শুধু তা-ই নয়, আকাশি-সাদা জার্সিতে এটি হতে যাচ্ছে তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ।

২০০৬ বিশ্বকাপের সেই ব্রণভরা তরুণের অবয়ব এখন আমেরিকার রাজপথের রাজকীয় বিলবোর্ড। কোপা আমেরিকার পর অবসর না নিয়ে ইন্টার মায়ামিতে নিজেকে কিছুটা চাপমুক্ত রেখেছেন বটে , কিন্তু সতীর্থ রদ্রিগো দি পলের সঙ্গে ডাবল শিফটে যে কঠোর পরিশ্রম তিনি করেছেন , তা স্পষ্ট করে দেয় রেকর্ডের জন্য নয় , মেসি এসেছেন আরও একবার শিরোপা ধরে রাখার ক্ষুধা নিয়ে।

আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে মাত্র ২১ মিনিট খেলেই যেভাবে ম্যাচসেরা হয়েছেন , তাতে তাঁর ফিটনেস নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই । কোচ লিওনেল স্কালোনির কপালে অবশ্য কিছুটা চিন্তার ভাঁজ রয়েছে । বাঁ পায়ের পেশির চোটে নির্ভরযোগ্য লেফটব্যাক নিকোলাস তালিয়াফিকো মাঠের বাইরে । তাঁর জায়গায় ফাকুন্দো মেদিনা নাকি ৩-৫-২ ফর্মেশনের নতুন বাজি , সেটা স্কালোনির মস্তিষ্কের ওপরই ছেড়ে দেওয়া ভালো।

তবে বড় স্বস্তি ফিরিয়েছেন এমিলিয়ানো মার্তিনেস । ডান হাতের ভাঙা আঙুলে রাবার ড্রেসিং আর টেপ পেঁচিয়েই তিনি নামছেন একাদশে । লক্ষ্যটা পরিষ্কার , দল জেতানোর পাশাপাশি সের্হিও রোমেরোর ৪৭ টি ক্লিনশিটের রেকর্ডটা নিজের করে নেওয়া । আর আক্রমণভাগে হুলিয়ান আলভারেসকে বেঞ্চে রেখে স্কালোনি বাজি ধরছেন সদ্য সমাপ্ত ক্লাব মৌসুমে ২২ গোল করা লাউতারো মার্তিনেসের ওপরই।

আট বছর পর বিশ্বকাপে ফেরা আলজেরিয়া দলটাও কিন্তু ছেড়ে দেওয়ার পাত্র নয়। বরুসিয়া ডর্টমুন্ডের রামি বেনসেবাইনি গোড়ালির চোটে ছিটকে যাওয়ায় তাদের রক্ষণ দুর্বল হয়েছে সত্যি , কিন্তু ভ্লাদিমির পেতকোভিচের দলের আসল শক্তি তাদের আক্রমণভাগের গতি। ৩৫ বছর বয়সী রিয়াদ মাহরেজ হয়তো ম্যান সিটির সেই চেনা ছন্দে নেই , তবে তাঁর বাঁ পায়ের ক্ষুরধার পাসিং এখনো প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে পারে । সঙ্গে আছেন বায়ার লেভারকুজেনের ২০ বছরের বিস্ময় বালক ইব্রাহিম মাজা , যাঁকে ভাবা হচ্ছে মাহরেজের যোগ্য উত্তরসূরি । অলিম্পিক মার্শেইয়ের আমিন গুইরির কাউন্টার অ্যাটাকিং গতি নেদারল্যান্ডস ও বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচেই টের পাওয়া গেছে।

র‍্যাঙ্কিংয়ের ১ নম্বর দলের সঙ্গে ২৭ নম্বর দলের এই লড়াইয়ে কাগজ - কলমে আর্জেন্টিনা যোজন যোজন এগিয়ে । তবে স্পেনের মতোই আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচ মানেই তো অনেক গোল আর রোমাঞ্চের হাতছানি । মরুর শিয়ালেরা কি পারবে বিশ্ব চ্যাম্পিয়নদের কামড়ে দিতে, নাকি মেসির ২০০তম আন্তর্জাতিক ম্যাচের দিনটা ডালপালা মেলবে নতুন কোনো রূপকথায়?

লিওনেল মেসি ৩৯ ছুঁই ছুঁই লিওনেল মেসি নামছেন নিজের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে । আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে তাঁর ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ । ইন্টার মায়ামিতে চাপমুক্ত থাকলেও ট্রফি ধরে রাখার ক্ষুধায় তিনি মরিয়া। বাড়তি অনুশীলনে পুরোপুরি ফিট মেসি আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচেই নিজের জাদুকরি ছন্দের জানান দিয়ে রেখেছেন।

৩৫ বছর বয়সী রিয়াদ মাহরেজ এখনো আলজেরিয়ার আক্রমণের আলোকবর্তিকা । লেস্টার সিটি ও ম্যানচেস্টার সিটির সাবেক এই উইঙ্গার বর্তমানে খেলছেন সৌদি লিগে । বয়স বাড়ায় আগের সেই অতিমানবীয় গতি না থাকলেও তাঁর বাঁ পায়ের ক্ষুরধার পাসিং এবং কাউন্টার অ্যাটাক গড়ার সহজাত ক্ষমতা আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় পরীক্ষা হতে পারে এই উদ্বোধনী ম্যাচে ।

‘আমরা আর্জেন্টাইনরা বিশ্বচ্যাম্পিয়ন, সবাই আমাদের হারাতে চায়’

দুই দফা পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

আর্জেন্টাইনদের হৃদয়ে বাংলাদেশ

সৌদির বিপক্ষে আর্জেন্টিনার মতোই ভয় পেয়েছিল উরুগুয়ে

অর্থের কারণে মাকে আনতে পারিনি, বললেন কেপ ভার্দে গোলরক্ষক

ব্রাজিল-স্পেনের পরিণতি দেখে সতর্ক আর্জেন্টিনা

সালাহর জন্মদিনেও বিশ্বকাপে জয় পেল না মিসর

২০ হাজার থেকে ২০ লাখ, এক ম্যাচ যেভাবে বদলে দিল ভোজিনিয়াকে

সুখবর ও স্বস্তি নিয়ে শুরু করছে আর্জেন্টিনা

স্পেনকে স্তব্ধ করা কেপ ভার্দে গোলরক্ষককে কেন ‘দাদি’ ডাকা হয়