২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য আজ ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড। তবে দল ঘোষণার মাঠের খবরের চেয়েও বড় হয়ে উঠেছে খেলোয়াড়দের জন্য নির্ধারিত বিশাল অংকের বোনাস। উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে নিউজিল্যান্ডের হয়ে ডাক প্রত্যেক খেলোয়াড় নিশ্চিতভাবে পাচ্ছেন প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (৩ কোটি টাকারও বেশি)।
নিউজিল্যান্ড ফুটবল (এনজেডএফ) মূলত ১৬ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে ফিফার কাছ থেকে ১ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার প্রাইজমানি হিসেবে গ্যারান্টি পেয়েছে। বর্তমান চুক্তি অনুযায়ী, এই প্রাইজমানির প্রায় ৪০ শতাংশ সরাসরি খেলোয়াড়দের মধ্যে বণ্টন করে দেওয়া হবে। ফলে স্কোয়াডে থাকা ২৬ জনের প্রত্যেকের পকেটেই ঢুকছে এই বিশাল অংকের অর্থ।
নিউজিল্যান্ডের স্কোয়াডে সবচেয়ে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন তরুণ মিডফিল্ডার লাচলান বেলিস। মাত্র দুই মাস আগে জাতীয় দলে অভিষেক হওয়া এই ফুটবলার এখন সরাসরি বিশ্বমঞ্চে খেলার টিকিট পেলেন। এছাড়া দলের অভিজ্ঞতায় ভারসাম্য আনতে কোচ ড্যারেন বেজলি দলে রেখেছেন বর্ষীয়ান টমি স্মিথকে। অধিনায়ক ক্রিস উড ও স্মিথ—এই দুজনই ২০১০ সালের পর আবারও নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলবেন।
আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউইদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘জি’তে তাদের অন্য দুই প্রতিপক্ষ শক্তিশালী মিসর ও বেলজিয়াম।
নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: ম্যাক্স ক্রোকম্বে, অ্যালেক্স পলসেন, মাইকেল উড ।
ডিফেন্ডার: টাইলার বিন্ডন, মাইকেল বক্সাল, লিবেরাতো কাকাচ, ফ্রান্সিস ডি ভ্রিস, কালান এলিয়ট, টিম পেইন, নান্দো পিজনেকার, টমি স্মিথ, ফিন সারম্যান।
মিডফিল্ডার: লাচলান বেলিস, জো বেল, ম্যাট গারবেট, এলি জাস্ট, ক্যালাম ম্যাকওয়াট, বেন ওল্ড, অ্যালেক্স রুফার, মার্কো স্টামেনিচ, সারপ্রীত সিং, রায়ান থমাস।
ফরোয়ার্ড: কোস্তা বারবারোসেস, জেসি র্যান্ডাল, বেন ওয়েন, ক্রিস উড (অধিনায়ক)।