যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগান লাল কার্ড উঠিয়ে নেওয়ার ব্যাপারে সমালোচনা কম হয়নি। এবার জানা গেল চমকে দেওয়ার মতো এক তথ্য। মাত্র এক জনের সিদ্ধান্তেই তাঁর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছিল বলে জানা গেছে।
ফিফার ১৮ সদস্যের ডিসিপ্লিনারি কমিটির মাত্র একজন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তে সম্মতি দিয়েছিলেন বলে ‘দ্য সানডে টাইমসের’ গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে। যাঁর একক সিদ্ধান্তে এমনটা হয়েছে, তিনি ফিফার ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি।এ ব্যাপারে বাকি ১৭ সদস্যের কোনো পরামর্শই নেওয়া হয়নি।
বালোগানের মতো ঘটনার সিদ্ধান্ত একটি প্যানেল নিয়ে থাকে। সেই প্যানেলে চেয়ারম্যান বাদে ১৭ সদস্যের যেকোনো একজন থাকেন। গুরুত্বপূর্ণ দৃষ্টান্তমূলক মামলাগুলোর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হয় তিন সদস্যের একটি প্যানেলের মাধ্যমে। সেকারণে আল-কামালির একাই বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে।
ফিফা অনেক সময় একক বিচারকের মাধ্যমে মামলার শুনানি করে থাকে ঠিকই। তবু রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা এবং ব্যাপক আলোচিত এমন উচ্চ-প্রোফাইল মামলায় এ ধরনের পদক্ষেপ তুলনামূলকভাবে বিরল।
২ জুলাই সানফ্রান্সিসকোতে বালোগান শেষ বত্রিশে বসনিয়া ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে করা এক ট্যাকলের জন্য প্রথমে হলুদ কার্ডও দেখেননি। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্ত বদলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখান। এরপর শেষ ষোলোর ম্যাচের আগে ফিফা এক বছরের জন্য নিষেধাজ্ঞা স্থগিত করেছিল ফিফা।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে ধন্যবাদও জানিয়েছিলেন। তবে এ ব্যাপারে তিনি কৌশলী উত্তর দিয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, তিনি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করতেই হবে—এমন কোনো নির্দেশ দেননি। যদিও সিয়াটলে ৭ জুলাই শেষ ষোলোর ম্যাচে খেলে বালোগান কোনো গোলই করতে পারেননি। সেই ম্যাচে বেলজিয়ামের কাছে ৪-১ গোলে হেরেছিল যুক্তরাষ্ট্র। পরবর্তীতে বেলজিয়ামকে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দেয় স্পেন।
ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন, ইংল্যান্ড—প্রথমবারের মতো বিশ্বকাপে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলছে সেমিফাইনালে। আগামীকাল ডালাসে হবে ফ্রান্স-স্পেন সেমিফাইনাল। পরশু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমি। ১৯ জুলাই নিউজার্সিতে হচ্ছে ফাইনাল।