হোম > খেলা > ফুটবল

‘হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই, সে নেতা’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আন্তর্জাতিক ফুটবলে এরই মধ্যে দেড় বছর কাটিয়ে দিয়েছেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।

শিলংয়ে গত বছরের মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। দেড় বছরে বাংলাদেশের জার্সিতে ১০ ম্যাচে করেছেন ৪ গোল। হেড, পানেনকা স্টাইলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন তিনি। অ্যাসিস্ট করেছেন এক গোলে। এমনকি লেস্টারের হয়ে হামজার এফএ কাপ জয়ের কীর্তি রয়েছে ২০২১ সালে। বর্তমানে তিনি খেলছেন শেফিল্ডের হয়ে।

ইন্দোনেশিয়ায় আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত হবে আসিয়ান কাপ। টুর্নামেন্টের আগে বেশি সময় নেই ঠিকই। তবে হামজা-শমিত সোম-জামাল ভূঁইয়াদের নিয়ে চিন্তা করার কিছু নেই বলে মনে করেন ডুলি। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় সাংবাদিকদের বাংলাদেশ কোচ বলেন, ‘ধরে নিন, ফিফা ডে যদি ২১ তারিখ হয়, ক্লাব তাকে ২১ তারিখেই ভ্রমণের অনুমতি দেবে। ফলে সে হয়তো ২২ তারিখে এসে পৌঁছাবে। কিন্তু খেলা থাকবে ২৪ তারিখে। তবে ভালো দিক হলো হামজা এবং সেই আন্তর্জাতিক খেলোয়াড়দের সবকিছু শেখাতে হয় না। কারণ তারা জানে। হামজা যদি খেলার আগের দিনও আসে, তবু সে ভালো খেলবে। কারণ, সে পেশাদার। তার ইতিবাচক মনোভাব, চিন্তাভাবনা ও দক্ষতা রয়েছে। সে দলের নেতা এবং সে তার সর্বোচ্চটা দেবে।’

ইংল্যান্ড প্রবাসী তরুণ ডিফেন্ডার জিদান আলেকজান্ডার ইউসুফকে নিয়ে বাংলাদেশ ফুটবল অঙ্গনে আলোচনা দীর্ঘদিনের। উজবেকিস্তানে অনূর্ধ্ব-২০ দলের হয়ে মাঠের পারফরম্যান্সের পর এবার তাঁকে সিনিয়র জাতীয় দলের মূল স্কোয়াডে নেওয়ার সম্ভাবনার কথা জানালেন হেড কোচ থমাস ডুলি।

সেপ্টেম্বর-অক্টোবরে ইন্দোনেশিয়ায় হতে যাওয়া আসিয়ান কাপ সামনে রেখে ২৮ ফুটবলারকে অনুশীলন করাচ্ছেন ডুলি। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে প্রসঙ্গক্রমে ওঠে জিদানের কথা। বর্তমানে অনূর্ধ্ব-২০ এএফসি এশিয়ান কাপ বাছাই খেলতে উজবেকিস্তানে আছেন তিনি। তাঁর কেমন সম্ভাবনা রয়েছে, জানতে চাইলে ডুলি বলেন, ‘সে এমন এক খেলোয়াড়, যাকে আমি দলে রাখতে চাই, যদিও সে আবার ফিরে যাবে। আমি তাকে দেখতে চাই এবং জাতীয় মূল দলের সঙ্গে থাকার অভিজ্ঞতা দিতে চাই, যাতে সে (জাতীয় দলের) পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে।’

আজ কোচ ডুলি যখন সংবাদ সম্মেলন করেছেন, তখন এএফসিতে ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরুর একাদশে আছেন জিদান।প্রতিযোগিতায় বাংলাদেশ দুটি ম্যাচ খেলেছে। দুটিতেই হেরেছে। তবে প্রথম ম্যাচটি দেখেছেন বলে জানান। আর ভারতের বিপক্ষেও বাংলাদেশের ম্যাচটি নজরে রাখবেন জানিয়েছেন। এই ম্যাচের পারফরম্যান্সে মনোযোগ আকর্ষণ করতে পারলে কপাল খুলে যেতে পারে জিদানের।

র‍্যাঙ্কিংয়ের হিসাবে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ। আসিয়ান কাপে গ্রুপে থাকা তিন প্রতিপক্ষই বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবু সেই ব্যবধানকে সামনে রেখে কোনো অজুহাত দাঁড় করাতে চান না কোচ টমাস ডুলি। তাঁর পরিকল্পনা বরং এমন এক দল তৈরি করা, যারা শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষেও নিজেদের খেলার সামর্থ্য দেখাতে পারে।


ডুলি বলেন, ‘আমাদের বাস্তববাদী হতে হবে এবং সেভাবেই প্রস্তুত থাকতে হবে। আমরা এমন সব দলের বিপক্ষে খেলছি, যারা র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে। স্পষ্টতই কাজটা অত্যন্ত কঠিন। আমরা দেখাতে চাই, এই স্তরের ফুটবলে লড়াই করার যোগ্যতা আমাদের আছে।’