বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের জন্য রেফারিং প্যানেল ঘোষণা করেছে ফিফা। ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন মেক্সিকোর অভিজ্ঞ রেফারি সিজার রামোস।
আজ ঘোষিত তালিকা অনুযায়ী, ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচের প্রধান রেফারি থাকবেন রামোস। চলতি বিশ্বকাপে এর আগে তিনি ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ পরিচালনা করেছেন।
ব্রাজিলের সঙ্গে রামোসের পরিচয় নতুন নয়। ২০১৮ বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের উদ্বোধনী ম্যাচেও দায়িত্বে ছিলেন তিনি। সেই ম্যাচে সুইসদের সমতাসূচক গোল এবং দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল জেসুসের ওপর সম্ভাব্য ফাউলের ঘটনায় পেনাল্টি না দেওয়ায় তাঁর প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল ব্রাজিলের ফুটবলাররা। বিষয়টি নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। এবার ফের সেই রেফারিকেই পেল ব্রাজিল।
আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিনের অভিজ্ঞ রামোস ২০১৭ ক্লাব বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেন, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও গ্রেমিও। গত বছর ক্লাব বিশ্বকাপের আতলেতিকো মাদ্রিদ-বোটাফোগো এবং বেনফিকা-বোকা জুনিয়র্স ম্যাচও পরিচালনা করেন তিনি।
তবে বেনফিকা ও বোকা জুনিয়র্সের ম্যাচে একটি ভিন্ন কারণে আলোচনায় আসেন রামোস। বোকা জুনিয়র্সের খেলোয়াড় হোর্হে ফিগালকে লাল কার্ড দেখানোর সময় ভুলবশত পকেট থেকে একটি ধর্মীয় ছবি বের করে ফেলেন তিনি। মেক্সিকান সংবাদমাধ্যমগুলোর মতে, সেটি ছিল দেশটিতে ব্যাপকভাবে পূজিত ‘ভার্জিন অব গুয়াদালুপে’র ছবি। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রামোসকে সহায়তা করবেন তাঁর স্বদেশি সহকারী রেফারি আলবার্তো মোরিন ও মার্কো বিসগুয়েরা। চতুর্থ রেফারির দায়িত্বে থাকবেন নরওয়ের এসপেন এসকাস এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন এরিক এঙ্গান।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্র নিয়ে বর্তমানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।