কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে খেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। যদিও সেই ধ্রুপদী ফাইনালে তাঁর দল ফ্রান্স হেরে গিয়েছিল। এবার ফ্রান্সের হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু দিদিয়ের দেশমের ফ্রান্সের বিশ্বকাপ দলে সুযোগ মেলেনি তাঁর।
বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের কাছাকাছি থাকছেন কামাভিঙ্গা। যুক্তরাষ্ট্রে ঐতিহ্যবাহী হার্ভার্ড বিজনেস স্কুলের একটি বিশেষ প্রোগ্রামে কামাভিঙ্গা ভর্তি হয়েছেন। এই হার্ভার্ড বিজনেস স্কুল থেকে পাঁচ মাইল দূরে ফ্রান্সের বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প। ম্যাসাচুসেটসের ওলধামে দেশমের দল ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র জন্য প্রস্তুতি নিচ্ছে।
হার্ভার্ড বিজনেস স্কুলে স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ের একটি কোর্সে অংশ নিচ্ছেন কামাভিঙ্গা। বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে ফরাসি ডিফেন্ডর লিখেছেন, ‘শেখা, শোনার মধ্য দিয়ে কাটল কয়েকটা দিন। অনেক জ্ঞান আহরণ করলাম। হার্ভার্ড বিজনেস স্কুলের প্রতি কৃতজ্ঞ।’
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলের সঙ্গে থাকার স্বপ্ন দেখলেও কামাভিঙ্গাকে দলে রাখেননি ফ্রান্সের বিশ্বকাপজয়ী কোচ দেশম। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ফর্ম ভালো না থাকায় কামাভিঙ্গাকে বিবেচনায় নেননি দেশম। রিয়ালও মৌসুমটা শেষ করে কোনো বড় শিরোপা না জিতেই। তবে হার্ভার্ডে পড়াশোনা করার সুবাদে সতীর্থদের সঙ্গে তাঁর এখন দেখা হওয়ার সুযোগ বাড়ল।
ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপে খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ জিতেছিলেন দেশম। পরবর্তীতে ২০১৮ বিশ্বকাপ জেতেন কোচ হয়ে। এবার দলটি নামবে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে। ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপ। ‘আই’ গ্রুপে থাকা ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ১৬ জুন। সেই ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ সেনেগাল। ২২ ও ২৬ জুন ইরাক ও নরওয়ের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে ফ্রান্স।