বগুড়া প্রফেশনালস’ ক্লাবের (বিপিসি) উদ্যেগে হওয়া প্রথম বিপিসি ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর শিরোপা জিতেছে করতোয়া সিটি। শনিবার রাজধানীর তেজগাঁওয়ের টার্ফ নেশনে হওয়া দিনব্যাপী এই টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলার খেলোয়াড়দের নিয়ে গঠিত চারটি দল অংশ নেয়।
বগুড়ার চারটি নদীর নামে গঠিত দলগুলো হলো করতোয়া সিটি, নাগর ইউনাইটেড, আতলেতিকো যমুনা ও রিয়াল বাঙালি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোর পর ফাইনালে জায়গা করে নেয় করতোয়া সিটি ও রিয়াল বাঙালি।
শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ে কোনো দলই ব্যবধান গড়ে তুলতে পারেনি। পরে পেনাল্টি শুটআউটে ১-০ ব্যবধানে রিয়াল বাঙালিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে করতোয়া সিটি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া প্রফেশনালস’ ক্লাবের প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার মুনজুরুল করিম, সেক্রেটারি ও কো-ফাউন্ডার মুহাম্মাদ মাছুদুর রহমান এবং ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্যরা। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিসির প্যাট্রন মেম্বার গ্রুপ ক্যাপ্টেন শওকত-উল-ইসলাম জিন্নাহ, বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মো. তরিকুল আলম, ড. মো. আব্দুর রাজ্জাক, সুরাইয়া আখতার জাহান, বাংলাদেশ পুলিশের ডিআইজি মীর আশরাফ আলী, ডিএমপি ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, গ্রাম উন্নয়ন কর্মের নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবির উদ্দিন প্রামানিক, ঢাকাস্থ বৃহত্তর বগুড়া সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন চৌধুরী, এমএম গ্লাসের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম টিটু, গণপূর্ত অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মো. আশরাফুল আলম, এনএসআই-এর অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন, ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের জেনারেল ম্যানেজার মাজহারুল লিমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী ও বিপিসির কো-ফাউন্ডার-ট্রেজারার রিজভী আহমেদ বলেন, ‘বগুড়ার পেশাজীবী ও বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।’