হোম > খেলা > ফুটবল

হামজাদের নিয়ে ২৫ বছর পর ভিয়েতনামের সামনে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

হ্যাং ডে স্টেডিয়ামে গতকাল অনুশীলনে দেখা গেলেও হামজা চৌধুরীকে নিয়ে অনিশ্চয়তা থাকছেই। গত পরশু ইংল্যান্ড থেকে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। ছবি: বাফুফে

২৫ বছর আগের কথা। বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তখন উদীয়মান গোলরক্ষক। জাতীয় দলে অভিষেক হলেও জায়গা পাকা করতে পারছিলেন না একাদশে। সৌদি আরবে ২০০২ বিশ্বকাপ বাছাইয়ে তাঁকে নিয়ে একপ্রকার বাজিই ধরে বসেন বাংলাদেশের তখনকার কোচ জর্জ কোটান। আমিনুল কোচকে হতাশ করেননি। তাঁর দৃঢ়তায় প্রথম দেখাতেই ভিয়েতনামকে গোলশূন্য ব্যবধানে রুখে দেয় বাংলাদেশ। ফিরতি লেগের ম্যাচে অবশ্য হারে ৪-০ গোলে।

সেই ভিয়েতনামের মুখোমুখি হতে ২৫ বছর লেগে গেল। এই সময়ে জীবনের অনেক বাঁকবদল হয়েছে আমিনুলের। খেলা ছেড়ে রাজনীতিতে যোগ দিয়ে হয়েছেন মন্ত্রী। বাংলাদেশ ফুটবলেও হয়েছে অনেক পরিবর্তন। ভিয়েতনামের মতো র‍্যাঙ্কিংয়ের ১০৮ নম্বর দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলাটা পরিবর্তনেরই ফল।

কয়েক বছর ধরে প্রীতি ম্যাচ মানেই বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল, ভুটান কিংবা মালদ্বীপ। সেখানে র‍্যাঙ্কিংয়ে অনেক ওপরের দল ভিয়েতনামের মুখোমুখি হওয়াটা ব্যতিক্রম ঘটনা। হ্যানয়ের হ্যাং ডে স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় নামবেন হামজারা।

প্রীতি ম্যাচ হলেও বাংলাদেশের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ম্যাচটা খেলেই ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। সিঙ্গাপুর র‍্যাঙ্কিংয়ে ভিয়েতনামের চেয়ে ৪০ ধাপ পিছিয়ে। বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের ব্যবধানটা ৭২ ধাপের।

বাংলাদেশে মন্ত্র এখন একটাই—কঠিন পরীক্ষায় ভালো করে আত্মবিশ্বাসের পারদ উঁচুতে নিয়ে যাওয়া। আত্মবিশ্বাস যে তলানিতে আছে, সেটা বলারও উপায় নেই। সবশেষ নভেম্বরে ভারতকে হারানোর স্মৃতি এখনো তাজা।

সেটিকে পুঁজি করেই ভিয়েতনামের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ম্যাচ কঠিন হবে, তবে বাংলাদেশ উন্নতি করছে। বিশ্বাস করি, ভিয়েতনামের সঙ্গে সমানতালে লড়াই করার সামর্থ্য আমাদের আছে। নিজেদের সেরাটা দেব।’

একই সুর কোচ হাভিয়ের কাবরেরার কণ্ঠেও, ‘ভিয়েতনামের মতো শক্তিশালী দলের মুখোমুখি হওয়ার এটাই সঠিক সময়। কারণ, তারা দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী দল। বাংলাদেশের লক্ষ্য হলো এই ম্যাচে সর্বোচ্চ পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা, যার মাধ্যমে সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন অফিশিয়াল ম্যাচের প্রস্তুতি নেওয়া যাবে। তাদের বিপক্ষে খেলা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।’

এই ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না অভিজ্ঞ দুই ফুটবলার তপু বর্মণ ও রাকিব হোসেনকে। কার্ড-খরার কারণে এবার সফরসঙ্গী হতে পারেননি তিনি। তবে ফিরেছেন ফাহমিদুল ইসলাম। নিষেধাজ্ঞার কারণে ভারত ম্যাচে মাঠের বাইরে ছিলেন এই উইঙ্গার।

দলের সবাই এবার একসঙ্গেই অনুশীলন করেন শুরু থেকে। বাদ ছিলেন হামজা চৌধুরী। লেস্টার সিটির ম্যাচ থাকায় এবার ঢাকায় আসতে পারেননি তিনি। ২২ মার্চ ভিয়েতনামে যাওয়ার কথা থাকলেও পরশুই দলে যোগ দেন ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডার।

হামজাকে ছাড়া প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের জন্য কঠিনই হবে—সেটা নতুন করে বলতে হয় না। তবে কাবরেরা কোনো তাড়াহুড়ো করতে চান না, ‘সে গতকাল (পরশু) বিকেলে এসে পৌঁছেছে, তাই এই মুহূর্তে সে ঠিক আছে, তবে সে কেমন বোধ করছে সেই অনুযায়ী আমরা তাকে নিয়ে খুব ধীরগতিতে এগোব। আগামীকালের (আজ) জন্য আমরা এখনো সিদ্ধান্ত নিইনি।’

হামজা কি আজ খেলবেন, নাকি কিছুটা সময়ের জন্য নামবেন—বোঝা যাবে আজ সন্ধ্যায়।

রিয়ালের জালে ৬ গোল দিয়ে সেমিতে এক পা বার্সেলোনার

শিরোপা হাতছাড়া হওয়ায় ক্রীড়া আদালতে আপিল করল সেনেগাল

ভারতকে রুখে দিল বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে সমানতালে লড়াই করবে বাংলাদেশ, বিশ্বাস জামালের

লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন সালাহ, পরবর্তী ঠিকানা কোথায়

রোনানকে সুযোগ কম দিয়ে স্থানীয় ফুটবলারদের ‘স্বার্থপর’ খেলায় চিন্তিত ক্রীড়া প্রতিমন্ত্রী

‘সবাই মেসি-রোনালদোর খেলাই দেখেন, কিন্তু নেপথ্যের মানুষদেরও অবদান অনেক’

‘অর্ধেক ফিট নেইমারকেও বিশ্বকাপ দলে নেওয়া উচিত’

ভিয়েতনামে পৌঁছেই হামজা বললেন, ‘আমি রেডি’

বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফার বিরুদ্ধে মামলা