আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে লিওনেল স্কালোনির নাম আগেই স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জয়ের পর এবার আরও একটি মাইলফলক ছুঁতে যাচ্ছেন তিনি। কেপ ভার্দের বিপক্ষে আগামী শনিবার ভোরে বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচটি হবে আর্জেন্টিনার প্রধান কোচ হিসেবে তাঁর ১০০তম ম্যাচ।
২০১৮ বিশ্বকাপ শেষে হোর্হে সাম্পাওলির বিদায়ের পর আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। যুব পর্যায়ের কোচ এবং সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করা সাবেক এই রাইট ব্যাককে গুরু দায়িত্ব দেওয়ায় তখন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সমালোচনা করেছেন অনেকে। কিন্তু নিন্দুকদের স্কালোনি জবাব দিয়েছেন নিজের কাজ দিয়েই।
স্কালোনির হাত ধরে ২০২১ সালে ২৮ বছরের শিরোপাখরা কাটিয়ে কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। এরপর ২০২২ বিশ্বকাপ ঘরে তোলে আলবিসেলেস্তেরা। ২০২৪ সালে ফের কোপা আমেরিকার শিরোপা জেতে জায়ান্টরা। এখন পর্যন্ত স্কালোনির অধীনে ৯৯ ম্যাচে ৭২ জয় পেয়েছে আর্জেন্টিনা। ১৮ ড্রয়ের বিপরীতে হেরেছে মাত্র ৯ ম্যাচ।
গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারানোর পর মাইলফলক সম্পর্কে জানতে চাওয়া হলে স্কালোনি বলেন, ‘প্রথম দিনের মতোই আমি এখনো একই রকম, একদম একই রকম। প্রতিবার যখন আমরা কোনো ম্যাচ খেলতে নামি, ভেতরে একটা আলাদা অনুভূতি কাজ করে। একটা চাপ সব সময়ই অনুভব করি।’
নিজের কোচিং দর্শন নিয়ে স্কালোনি বলেন, ‘স্বস্তিতে খেলার মতো কোনো ম্যাচ বলে কিছু নেই। আমরা নিজেরাই বিষয়টাকে এমন করে তুলি, কারণ আমাদের অনুভূতিটাই এমন। যেদিন এই অনুভূতিটা আর থাকবে না, সেদিনই সেটা সমস্যার বিষয় হবে।’
বিশ্বকাপের গ্রুপপর্বে শতভাগ জয় নিয়ে শেষ বত্রিশের টিকিট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নকআউট পর্ব শুরুর আগে দলের প্রস্তুতি নিয়েও আশাবাদী স্কালোনি, ‘আমরা ভালো অবস্থানে আছি। এখন বিশ্বকাপের আরেকটি ধাপ শুরু হচ্ছে। এবার আসছে সবচেয়ে উপভোগ্য অংশ।’