এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে ধীরগতির ফুটবল ও একের পর এক ভুলের খেসারত দিতে হয়েছে কাতালানদের। বার্সা মিডফিল্ডার পেদ্রির মতে, এমন প্রতিপক্ষের বিপক্ষে ভুলের মূল্য চুকাতেই হয়।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই প্রত্যাশিত ছন্দ খুঁজে পায়নি বার্সা। বিশেষ করে প্রথমার্ধে বলের আদানপ্রদানে ধীরগতি এবং অপ্রয়োজনীয় ভুল দলকে চাপে ফেলে। রিয়ালের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন পারফরম্যান্স যে বিপদ ডেকে আনতে পারে, ম্যাচের ফলেই তার প্রমাণ মিলেছে। ৪১ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোল পিছিয়ে পড়ে বার্সা।
ম্যাচ শেষে ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে পেদ্রিও প্রথমার্ধের দুর্বলতার কথা স্বীকার করেছেন। তাঁর মতে, বিরতির আগে নিজেদের স্বাভাবিক মানের ফুটবল খেলতে পারেনি দল। বলের গতি বাড়াতে না পারা এবং সহজ ভুলগুলোই দলকে ভুগিয়েছে।
পেদ্রি বলেন, ‘প্রথমার্ধে আমরা অনেক বেশি ধীরগতির ছিলাম। অনেক ছেলেমানুষি ভুলও করেছি। আর এ ধরনের দলের বিপক্ষে খেলতে গেলে এসব ভুলের মাশুল দিতেই হয়।’
বিরতির পর অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বার্সা। খেলায় উন্নতি এনে সমতাও ফিরে স্বাগতিকেরা। ৬১ মিনিটে সমতা টানেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। কিন্তু রিয়ালের পাল্টা আক্রমণ সামলাতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। নির্ধারিত সময়ের ৩ মিনিট আগে এমবাপ্পে ফের জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় রিয়ালে। তাই শুধু আক্রমণে উন্নতি করলেই হয়নি, প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকানোর ক্ষেত্রেও আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বার্সার।
এল ক্লাসিকোয় জয়টি সমর্থকদের উপহার দিতে চেয়েছিলেন বলে জানিয়েছেন পেদ্রি। কিন্তু প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশ তিনি। তাঁর মতে, ভাগ্যও এদিন বার্সার পক্ষে ছিল না। তবে এই হারকে শিরোপার লড়াইয়ের শেষ হিসেবে দেখছেন না স্পেনের এই মিডফিল্ডার।
পেদ্রির বিশ্বাস, একটি এল ক্লাসিকোয় হার দিয়ে লা লিগার শিরোপা নির্ধারিত হয়ে যায় না। এখন প্রয়োজন ভুলগুলো শুধরে পরের ম্যাচে মনোযোগ দেওয়া। মৌসুমে এখনো যথেষ্ট সময় রয়েছে। ঘুরে দাঁড়ানোর সুযোগও আছে বার্সার সামনে।