হোম > খেলা > ফুটবল

ইনফান্তিনোর কৌশল ধরে ফেলেছেন জার্মান ফুটবল প্রধান

ক্রীড়া ডেস্ক    

ইনফান্তিনোর সঙ্গে নয়েনডর্ফ। ছবি: সংগৃহীত

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সংস্কার প্রস্তাবের পেছনে পুনর্নির্বাচিত হওয়ার কৌশল দেখছেন জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সভাপতি বের্ন্ড নয়েনডর্ফ। তাঁর মতে, আগামী বছরের নির্বাচনের আগে সমর্থন ফিরে পেতেই ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংস্কারের প্রস্তাব দিয়েছেন ইনফান্তিনো।

গতকাল ফিফার ২১১ সদস্যের কাছে পাঠানো চিঠিতে সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার স্বাধীন পর্যালোচনার প্রস্তাব দেন ইনফান্তিনো। পাশাপাশি মহাদেশীয় কনফেডারেশন, সদস্য ফেডারেশন ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আরও শক্তিশালী করার কথাও জানান তিনি।

তবে ইনফান্তিনোর এই উদ্যোগকে নিছক সংস্কারের প্রচেষ্টা হিসেবে দেখছেন না নয়েনডর্ফ। তিনি বলেন, ‘আমি জিয়ান্নি ইনফান্তিনোর চিঠিকে আগামী বছর পুনর্নির্বাচিত হওয়ার জন্য তাঁর একটি স্পষ্ট কৌশল হিসেবে দেখছি। মূলত ফিফা এখন বুঝতে পেরেছে যে পরিবর্তন অপরিহার্য। তবে সংস্কার প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য জিয়ান্নি ইনফান্তিনো কোনোভাবেই সঠিক ব্যক্তি নন। তিনি নিজের সব বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন।’

নয়েনডর্ফ ফিফা কাউন্সিলেরও সদস্য। সংস্থাটির প্রধান সিদ্ধান্ত গ্রহণকারী এই পরিষদ।

ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে অসন্তোষের সূত্রপাত বিশ্বকাপসহ ফিফার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব ঘিরে। প্রবল বিরোধিতা ও বয়কটের হুমকির মুখে গত জুলাইয়ে পরিকল্পনাটি বাতিল করেন তিনি।

এরপর ফিফার নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানায় উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) ও কনকাকাফ। তাদের অভিযোগ, প্রস্তাবটি নিয়ে কোনো পর্যায়েই মহাদেশীয় কনফেডারেশনগুলোর সঙ্গে পরামর্শ করেননি ইনফান্তিনো। বরং এককভাবেই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উয়েফা জানিয়েছে, বর্তমান সভাপতির ওপর তাদের আস্থা নেই এবং নেতৃত্বে পরিবর্তন প্রয়োজন।

চিঠিতে ইনফান্তিনো আশ্বাস দিয়েছেন, কোনো প্রস্তাব বা পরিচালনাগত বিষয়ে সদস্য ফেডারেশনগুলোর অবস্থানের কারণে ফিফার কাছ থেকে তাদের পাওয়া সুযোগ সুবিধায় কোনো প্রভাব পড়বে না। সংস্থাটির উন্নয়ন ও সংহতি কর্মসূচিও বিদ্যমান নিয়ম অনুযায়ী চলবে।

আগামী বছরের মার্চে ফিফা সভাপতি পদে পুনর্নির্বাচনের জন্য লড়বেন ইনফান্তিনো। তবে তাঁকে চ্যালেঞ্জ জানাতে এখনো উপযুক্ত প্রার্থী খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন বিরোধীরা।

এ মাসে আলোচনার সঙ্গে পরিচিত কয়েকটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, নির্বাচনে জয়ের জন্য এখনো পর্যাপ্ত ভোট রয়েছে ইনফান্তিনোর। এ কারণে তাঁকে সরানোর পরিবর্তে তাঁর ক্ষমতা সীমিত করার দিকেই মনোযোগ দিচ্ছেন বিরোধীরা।