নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ের শুরুতেই আবারও এগিয়ে গিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ৯২ মিনিটে ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-১ করেছেন কেপ ভার্দের বিপক্ষে।
অতিরিক্ত সময়ের খেলা শুরু হতেই কেপ ভার্দের ওপর অলআউট চাপ সৃষ্টি করে আর্জেন্টিনা। ৯২ মিনিটে কেপ ভার্দে ডিফেন্ডার পিকো লোপেস বল মাঠের বাইরে পাঠালে কর্নার পায় আলবিসেলেস্তেরা। কর্নার থেকে উড়ে আসা বলে বক্সের বাঁ দিক থেকে মাক আলিস্তারের হেডটি প্রথমে লক্ষ্যভ্রষ্ট হলেও বিপদমুক্ত করতে পারেনি কেপ ভার্দে। বক্সের ডান প্রান্তে বল পেয়ে যান লিসান্দ্রো মার্তিনেস। প্রতিপক্ষের ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই বাঁ পায়ের কোণাকুণি শটে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়াকে পরাস্ত করে বল জালে জড়ান এই আর্জেন্টাইন ডিফেন্ডার।
লিসান্দ্রো মার্তিনেসের এই স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা দলে। প্রথমার্ধে লিওনেল মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর ৫৯ মিনিটে দেরোয় দুয়ার্তের গোলে সমতা ফিরিয়েছিল কেপ ভার্দে। নির্ধারিত ৯০ মিনিটে আফ্রিকার দলটির রক্ষণে কোণঠাসা হয়ে পড়া আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই এই গোল পেয়ে যাওয়ায় ম্যাচটি এখন আবার তাদের নিয়ন্ত্রণে।
শেষ ষোলোয়ওঠার লড়াইয়ে ২-১ গোলে পিছিয়ে পড়ে এখন ম্যাচ বাঁচানোর কঠিন সমীকরণের সামনে টুর্নামেন্টের ডার্ক হর্স কেপ ভার্দে।