হোম > খেলা > ফুটবল

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে নেইমারের হট্টগোল

ক্রীড়া ডেস্ক    

মাঠেই ক্ষোভে ফেটে পড়েছিলেন তারকা ফরোয়ার্ড। ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান সিরি’এর ম্যাচে করিতিবার কাছে ৩-০ গোলে হেরেছে সান্তোস। ম্যাচের ফলকে পাশ কাটিয়ে আলোচনায় এসেছে নেইমারকে ঘিরে ঘটে যাওয়া বিতর্কিত বদলির ঘটনা। এদিন তারকা ফরোয়ার্ডকে ভুলভাবে বদলি করাকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে ব্রাজিলিয়ান লিগে। এই ঘটনায় ম্যাচ কর্মকর্তাদের ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝেড়েছেন নেইমার।

ম্যাচের ৬৫তম মিনিটে ঘটে ওই বিভ্রান্তিকর ঘটনা। চিকিৎসা নিতে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। সেই সময় চতুর্থ কর্মকর্তা ১০ নম্বর জার্সি দেখিয়ে তাঁর বদলে রবিনহো জুনিয়রকে মাঠে নামান। কিন্তু টেলিভিশন রিপ্লেতে দেখা যায় নেইমারের নয়, মাঠ ছাড়ার কথা ছিল গঞ্জালো এসকোবারের। এই বিভ্রান্তির মধ্যেই মাঠে ফেরার চেষ্টা করলে নেইমারকে হলুদ কার্ড দেখান রেফারি।

ঘটনার পর ক্ষুব্ধ নেইমার ম্যাচ কর্মকর্তাদের হাত থেকে খেলোয়াড় বদলের কাগজ ছিনিয়ে নিয়ে টিভি ক্যামেরার সামনে তুলে ধরেন। সেখানে স্পষ্ট দেখা যায়, বদলির তালিকায় এসকোবারের নাম ছিল। পরে নেইমার মাঠ ছেড়ে যান এবং অধিনায়কের আর্মব্যান্ড তুলে দেন এসকোবারের হাতে।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়েছে সান্তোস এফসি। ক্লাবটি লেখেছে, ‘খেলোয়াড় পরিবর্তনের সময় ম্যাচ কর্মকর্তা ভুল করেছেন। টেলিভিশন সম্প্রচার এবং খেলোয়াড় বদলের সময় কর্মকর্তাদের ব্যবহৃত নোট—দুটো থেকেই বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এটি ছিল এক অকল্পনীয় ভুল, যা পরে আর সংশোধন করা হয়নি।’

ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমারের জাতীয় দলের হয়ে গোল ৭৯টি। চোটের কারণে ২০২৩ সালের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি তাঁর। বিশ্বকাপ দলে জায়গা নিশ্চিত করার লক্ষ্যেই সম্প্রতি সান্তোসের সঙ্গে ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন এই ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে আজ বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় চূড়ান্ত দল দেবেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। উত্তর আমেরিকায় হতে যাওয়া বিশ্বকাপে সেলেসাওদের দলে নেইমার থাকবেন কি না সেটা নিয়ে আলোচনার শেষ নেই। তার আগে ভুল বদলি নিয়ে খবরের শিরোনাম হলেন তিনি।

বিশ্বকাপের আগে প্রতিপক্ষকে মেসির ‘সতর্কবার্তা’

মুগ্ধতা ছড়ানোর অপেক্ষায় কলম্বিয়া

মোহামেডানের ৯০ বছর পূর্তি উদ্‌যাপনে বিশেষ পরিকল্পনা

কোলম্যানের নিয়োগ নিয়ে ধোঁয়াশা, বাংলাদেশের কোচ হবেন তো

তারকা ফুটবলারকে বাদ দিয়ে বিশ্বকাপের দল ঘোষণা ইরানের

রিয়ালের সাবেক কোচকে এবার নিল চেলসি

ওয়েম্বলি যেন চেলসির জন্য বেদনার কাব্য

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণায় থাকছেন ৭০০ সাংবাদিক

এবারও কাটল না ট্রফিখরা, কেঁদেই মাঠ ছাড়লেন রোনালদো

পরাশক্তি হতে চায় নরওয়ে