বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত এই ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলছেন কোচ কার্লো আনচেলত্তি। ম্যাচ শেষে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা নেইমারেরও প্রশংসা করেন তিনি।
টিভি গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্লো আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, আমরা ভালো খেলেছি। আমাদের লক্ষ্যই ছিল হাইতির বিপক্ষের ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করা। এটি ছিল আগের চেয়েও অনেক বেশি গোছানো এবং পরিপূর্ণ একটি ম্যাচ। দলের এই পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট। আজ সত্যিই একটি সুন্দর ম্যাচ উপহার দিয়েছে ছেলেরা।’
এই ম্যাচের অন্যতম বড় আকর্ষণ ছিল তারকা ফরোয়ার্ড নেইমারের দলে ফেরা। দীর্ঘ ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন তিনি। তাঁর প্রত্যাবর্তন নিয়ে আনচেলত্তি বলেন, ‘সবাই মিলে দলগতভাবে খেলেছে, যা আমাদের জন্য সবচেয়ে ইতিবাচক দিক। আমরা দারুণভাবে আক্রমণগুলো তৈরি করছিলাম। নেইমারের মাঠে ফেরা আমাদের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছে, যা প্রতিযোগিতার বাকি অংশে দলকে দারুণভাবে সাহায্য করবে।’
স্কটল্যান্ডের বিপক্ষে এই জয়ে 'সি' গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল। ৩ ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করল তারা। এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় নকআউট পর্বে সুবিধাজনক অবস্থানে থেকেই মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।