নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল মালদ্বীপের মালে স্টেডিয়ামে সেমিফাইনালে ১-০ ব্যবধানে মাঠ ছাড়ে জয় নিয়ে বাংলাদেশের যুবারা। মোহাম্মদ মানিকের দুর্দান্ত এক হেডে জয়সূচক গোলের দেখা পেয়েছে বাংলাদেশ।
ম্যাচসেরা হয়ে মানিকের মনে পড়েছে তাঁর মাকে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা ফাইনালে যেতে পেরেছি, এটা অনেকটা খুশির সংবাদ। এই ম্যাচটা ছিল আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ তো, আর তাঁকে আমি এটা উপহার দিচ্ছি। দোয়া করবেন আমরা ফাইনালে যেন আরও ভালো কিছু...যেন ট্রফি নিয়ে দেশে যেতে পারি।’
সেমিফাইনালে আরেকটি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও ভুটান। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে ৪ এপ্রিল ফাইনাল খেলবে বাংলাদেশ। শিরোপা জিতে মানিক হাসি ফোটাতে চান তাঁর অসুস্থ মায়ের মুখে।
আজ দ্বিতীয়ার্ধের শুরুতে নেপাল কিছুটা চাপ তৈরির চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ ছিল অটল। এ প্রসঙ্গে সহকারী কোচ আতিকুর রহমান মিশু বলেন, ‘দ্বিতীয়ার্ধের প্রথম ১০-১৫ মিনিট ওরা আমাদের ওপর চাপ তৈরির চেষ্টা করেছিল। তখন আমাদের ডিফেন্ডার ও মিডফিল্ডাররা নিচে নেমে (লো ব্লক) খেলেছে। ছেলেরা দারুণ মানসিক শক্তি দেখিয়েছে এবং শেষ মিনিট পর্যন্ত লড়াই করে জয় ছিনিয়ে এনেছে।’