হোম > খেলা > ফুটবল

‘মেসির অবসরের ঘোষণা আমার কাছে বোমা ফাটার আওয়াজ মনে হয়েছে’

ক্রীড়া ডেস্ক    

আর্জেন্টিনার হয়ে ৬ অক্টোবর শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।

ডায়েরির তিনটি ছেঁড়া পাতা, একটি সোনালি কলম—গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করে আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। পুরো বিশ্বে যেন তখন ভূকম্পন অনুভূত হয়। ভক্ত-সমর্থক থেকে সতীর্থ, ফিফা, আর্জেন্টিনা ফুটবল সংস্থা—সেই মুহূর্তে তাঁর বিদায় নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন সবাই। ফিফা উইন্ডো ম্যাচের আগে আর্জেন্টাইন ডিফেন্ডার ফাকুন্দো মেদিনা সংবাদমাধ্যমকে বলেন, ‘আপনাদের সবার মতোই খবরটা আমার কাছে বোম ফাটার আওয়াজের চেয়ে কোনো অংশে কম কিছু মনে হয়নি।’

২০২৬ ফুটবল বিশ্বকাপে মেসি আট গোল ও চার অ্যাসিস্ট করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন। যার মধ্যে একটি গোলে তাঁকে অ্যাসিস্ট করেন মেদিনা। এক মহীরূহর বিদায়ে অন্যান্যদের মতো মেদিনাও আবেগপ্রবণ হয়ে পড়েন। ২৭ বছর বয়সী ডিফেন্ডার বলেন, ‘আমার মন অনেক খারাপ। তিনি আমাদের অনেক আনন্দ দিয়েছেন। তিনি একজন অসাধারণ মানুষ। তার সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। তাঁকে এবং তাঁর পরিবারকে বিদায়ী ম্যাচ উপভোগ করার সুযোগ দিতে হবে।’

দীর্ঘ ২০ বছরে আর্জেন্টিনার ভক্ত-সমর্থকদের মনে রাখার মতো অনেক মুহূর্ত উপহার দিয়েছেন মেসি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা—এই চার শিরোপা জিতেছেন আর্জেন্টিনার জার্সিতে। মেসির সঙ্গে এসব টুর্নামেন্ট জয়ের সৌভাগ্য হয়েছে লাউতারো মার্তিনেসেরও। বিশ্বকাপ তো বটেই, আর্জেন্টিনার হয়ে অনেকবার মেসির অ্যাসিস্টে গোলও করেন মার্তিনেস।

৩৯ বছর বয়সী মেসির যেকোনো মুহূর্তে অবসরের ঘোষণা অপ্রত্যাশিত নয়। তবু তাঁর অবসর মানতে পারছেন না দীর্ঘদিনের সতীর্থ মার্তিনেসও। ২৯ বছর বয়সী আর্জেন্টাইন এই ফরোয়ার্ড বলেন, ‘এটা এমন একটা বিষয়, যা আমরা প্রত্যাশা করেছিলাম। খবরটা দুঃখজনক। কিন্তু শেষ পর্যন্ত লিও আমাদের যা কিছু দিয়েছেন, আমরা সব সময় উপভোগ করেছি।’

৬ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনার মাঠে শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে খেলতে নামবেন মেসি। ফিফা উইন্ডো উপলক্ষে আর্জেন্টাইন ফুটবলাররা স্ব স্ব ক্লাব ছেড়ে দেশে ফিরছেন। মার্তিনেস এখন বেনিন ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছেন। ২৯ বছর বয়সী আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘ম্যাচটি (আর্জেন্টিনা-বেনিন ম্যাচ) খুবই বিশেষ ও আবেগঘন হতে যাচ্ছে।’ মেসির বিদায়ী ম্যাচে তাঁর সাবেক সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু আনহেল দি মারিয়া থাকবেন বলে জানা গেছে।

মেসির বিদায়ী ম্যাচের ভেন্যু আর্জেন্টিনার মনুমেন্তাল স্টেডিয়াম। বেনিন ম্যাচটাতে শুধু তিনি খেললেও বাকি দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। বেনিন ম্যাচের আগে ২ অক্টোবর মনুমেন্তালেই আর্জেন্টিনা খেলবে বুরকিনা ফাসোর বিপক্ষে। আর ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে।