বিশ্বকাপে দেশের হয়ে মাঠে নামার স্বপ্নপূরণের ঠিক আগমুহূর্তে বাবা হওয়ার খবর পেলেন ইকুয়েডরের দেনিল কাস্তিয়ো। আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি নেওয়ার সময় এই সংবাদ পান। সুদূর যুক্তরাষ্ট্রে অনুশীলনের ফাঁকে পাওয়া এই সুখবর কাস্তিয়োর ব্যক্তিগত আনন্দের পাশাপাশি পুরো ইকুয়েডরের ক্যাম্পেও বয়ে এনেছে বাড়তি উচ্ছ্বাস।
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে সোমবার আইভরি কোস্টের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে ইকুয়েডর। সেই ম্যাচের প্রস্তুতি হিসেবে যখন পুরো দল কঠোর অনুশীলনে ঘাম ঝরাচ্ছিল, ঠিক তখনই একটি জরুরি ফোন কলের জন্য সাময়িকভাবে অনুশীলন থামাতে হয় কাস্তিয়োকে। ফোনের ওপাশ থেকে তাঁর স্ত্রী শোনান জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত সেই সংবাদটি।
কন্যাসন্তানের জন্মের খবর পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি কাস্তিয়ো। ২২ বছর বয়সী এই মিডফিল্ডার এমন আনন্দের দিনে মাঠে সতীর্থ ও কোচিং স্টাফদের ভালোবাসায় সিক্ত হন তিনি। ইকুয়েডর দলের সবাই তাঁকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান এবং নতুন অতিথির জন্য বিভিন্ন উপহারও দেন।
কাস্তিয়োর এই আবেগঘন মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ উদযাপনের সঙ্গেই ভাগ করে নিয়েছে ইকুয়েডর ফুটবল ফেডারেশন। কাস্তিয়োর অনুশীলনের একটি ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘স্বপ্নকে তাড়া করার পেছনে অনেক ত্যাগ স্বীকার করতে হয় এবং প্রায়শই জীবনের বড় বড় মুহূর্তগুলো থেকে দূরে থাকতে হয়। কাস্তিয়ো তাঁর জীবনের সবচেয়ে স্পেশাল খবরটি পেয়েছেন—তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। অভিনন্দন, ইইও (কাস্তিয়োর ডাকনাম)! লা ত্রি নামের এই বিশাল পরিবারে আরও একজন নতুন সদস্য যোগ দিল।’
এবারের বিশ্বকাপের দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক পেছনে থেকে দ্বিতীয় হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। ২০২৪ সালে দলটির প্রধান কোচ হিসেবে সেবাস্তিয়ান বেকাসেসে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের কাছে প্রথম ম্যাচটি হারলেও, এরপর থেকে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে তারা। বিশ্বকাপের ঠিক আগে খেলা প্রীতি ম্যাচগুলোতেও সেই দারুণ ফর্ম ধরে রেখেছে ইকুয়েডর; মরক্কো ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের সাথে ড্র করার পাশাপাশি সৌদি আরব ও গুয়াতেমালার বিপক্ষে জয় তুলে নিয়েছে বেকাসেসের শিষ্যরা। কাস্তিয়ো নিশ্চিতভাবেই চাইবেন বাবা হওয়ার এই পরম আনন্দকে মাঠের জয়ে রূপ দিতে ।