হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনা ম্যাচ হারের পর মিসর কোচের সুখবর

ক্রীড়া ডেস্ক    

মিসর কোচ হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। ছবি: সংগৃহীত

আটলান্টায় পরশু রাতে আর্জেন্টিনার কাছে হারের পর ক্ষোভ ঝেড়েছেন মিসর কোচ হোসাম হাসান। রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণেই মূলত আর্জেন্টিনা-মিসর শেষ ষোলোর ম্যাচ নিয়ে এত সমালোচনা। এবার সুখবর পেলেন হোসাম।

হোসামের চুক্তি গতকাল বর্ধিত করেছে বলে জানিয়েছে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইএফএ সভাপতি হানি আবু রিদা বলেন, ‘প্রধান কোচ হোসাম হাসান এবং দলের সহকারী পরিচালক ইবরাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অ্যাসোসিয়েশনের পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে।’ ২০২৬ বিশ্বকাপে মিসরের ঐতিহাসিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তাঁর চুক্তি বাড়ানো হচ্ছে বলে মিসরের সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।

হোসামের অধীনেই ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে মিসর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পায় আফ্রিকার দলটি। এরপর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে ‘জি’ গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছিল। শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার সঙ্গে মূল ম্যাচ ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ গোলে জেতে মিসর।

অস্ট্রেলিয়াকে হারিয়ে দীর্ঘ ৯২ বছর পর শেষ ষোলোতে ওঠে মিসর। এর আগে আফ্রিকার দলটি ১৯৩৪ বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল। আর শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর ম্যাচটি হয়েছে চরম নাটকীয়পূর্ণ। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল। সেখান থেকে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। ৩-২ গোলে জিতে আলবিসেলেস্তেরা উঠেছে শেষ আটে।

ইএফএ আনুষ্ঠানিকভাবে না জানালেও মিসরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, যমজ দুই ভাই হোসাম ও ইব্রাহিম হাসানের চুক্তির মেয়াদ থাকছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। ৫৯ বছর বয়সী হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিসরের দায়িত্ব নিয়েছিলেন। তাঁর অধীনেই মিসর ২০২৫ সালের আফ্রিকা কাপ অব নেশনসের (আফকন) সেমিফাইনালে উঠেছিল। আর খেলোয়াড়ি জীবনে ১৭৭ ম্যাচে ৬৯ গোল করে মিসরের জার্সিতে সর্বোচ্চ গোল করার রেকর্ড এখনো হোসামেরই।

‘ব্রাজিলের বিপক্ষেও নরওয়ে ছিল আন্ডারডগ, দেখি এবার কী হয়’

মেসিকে ‘মাতে’ খাওয়াচ্ছেন সতীর্থরা

বারবার কাঠগড়ায় ফিফার রেফারিং

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’

ফ্রান্সের আধিপত্য নাকি মরক্কোর প্রতিশোধ

কোয়ার্টার ফাইনালের আগে ফুরফুরে মেজাজে আর্জেন্টিনা

ক্লোসাকে কী উপহার পাঠাচ্ছেন মেসি

আর্জেন্টিনা-মিসর ম্যাচে রেফারির সিদ্ধান্ত সঠিক ছিল, বলছে ফিফা

নিষেধাজ্ঞার শঙ্কা নিয়েই কোয়ার্টারে নামছে ফ্রান্স

হাত ক্রস করে কী বোঝাতে চেয়েছিলেন মিসর কোচ