শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধরনের সংকটে পড়েছে ভারত। দলের একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটার চোট পাওয়ায় সাদা পোশাকের সিরিজকে কেন্দ্র করে চিন্তায় পড়ে গেছেন নির্বাচকেরা। বাধ্য হয়েই পরিবর্তন আনতে হচ্ছে নির্বাচকদের।
অফস্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্ট থেকেই ছিটকে গেছেন। যশপ্রীত বুমরাকে দলে রাখা হতে পারে ফিটনেস টেস্টে পাস করা শর্তে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মঙ্গলবারের মধ্যে শ্রীলঙ্কা সফরের জন্য দল দেবেন। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ আগস্ট। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ আগস্ট; ম্যাচটির ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠ।
স্পিন সহায়ক উইকেটের সম্ভাবনা থাকায় ওয়াশিংটনের অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা। ডান হ্যামস্ট্রিংয়ের চোটে প্রথম টেস্ট খেলতে পারবেন না তিনি। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নির্ভর করবে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ওপর। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পাওয়ার পর লর্ডসে তৃতীয় ওয়ানডেতে খেলতে পারেননি ওয়াশিংটন।
বুমরাও একই সিরিজে চোটে পান। কার্ডিফে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করার সময় বাঁ হাঁটুতে আঘাত পান এই পেসার। এরপর তৃতীয় ওয়ানডেতে মাঠে নামতে পারেননি। বিসিসিআই তাঁকে ৩০ জুলাই পর্যন্ত বিশ্রাম দিয়েছে। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সে গতি তারকার ফিটনেস মূল্যায়ন করা হবে। সবকিছু ঠিক থাকলে টেস্ট দলে রাখা হতে পারে বুমরাকে।
একই শর্তে দলে থাকতে পারেন টেস্টের তিন নম্বর ব্যাটার সাই সুদর্শনও। যদিও তাঁকে নিয়ে আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাঁহাতি এই ব্যাটার। শ্রীলঙ্কায় ভারত ‘এ’ দলের হয়ে চার দিনের দুই ম্যাচেই সেঞ্চুরি করেছেন। এ ছাড়া জুনে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে খেলেছেন ৮১ রানের ইনিংস। তবে তাঁর চোটের ধরন সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
ভারতের চোটের তালিকা আরও দীর্ঘ। পুরোপুরি সুস্থ না হওয়ায় পেস বোলিং অলরাউন্ডার হর্শিত রানা ও নিতীশ কুমার রেড্ডিকেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া যাবে না। হ্যামস্ট্রিংয়ের চোটে ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে যাওয়া রানা এর আগে হাঁটুর অস্ত্রোপচারের কারণে চার মাস মাঠের বাইরে ছিলেন। সেই চোটের কারণেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএলেও খেলতে পারেননি।
অন্যদিকে, বাঁ পায়ের কোয়াড্রিসেপসের চোট কাটিয়ে উঠতে না পারায় আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সফরের পর এবার শ্রীলঙ্কা সফর থেকেও ছিটকে গেলেন রেড্ডি।
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন পেসার প্রিন্স যাদব। এ ছাড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনো পিঠের খিঁচুনি ও কোয়াড্রিসেপসের চোট থেকে সেরে উঠেননি। অন্যদিকে টেস্ট পেসার আকাশ দীপের কোমরের নিচের অংশের স্ট্রেস রিঅ্যাকশন ফিরে আসায় সবশেষ আইপিএল খেলতে পারেননি। এখনো পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন তিনি।