ইংল্যান্ডের বিপক্ষে প্রাণপণে লড়েও ৪ রানে হেরে গিয়েছিল নেপাল। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা ইতালির কাছে উড়ে গিয়েছিল স্টুয়ার্ট লয়ের নেপাল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নেপালের কাছে সুপার এইটে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ নেমেছিল নেপাল। তবে দুবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে উড়ে গেছে লয়ের দল।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে রীতিমতো দাপট দেখিয়ে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ইউরোপীয় দল স্কটল্যান্ড-ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা। সেই ধারাবাহিকতা বজায় রেখেছে আজও। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে ৯ উইকেটে হারিয়েছে উইন্ডিজ। টানা তিন জয়ে প্রথম দল হিসেবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের টিকিট কেটেছে ওয়েস্ট ইন্ডিজ।
নেপালের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য নেমে রয়েসয়ে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ৪৩ রানেই প্রথম উইকেট হারায় উইন্ডিজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে নেপাল পেসার নন্দন যাদবকে তুলে মারতে যান ব্র্যান্ডন কিং। এজ হওয়া বল মিড অনে তালুবন্দী করেছেন কুশল ভুর্টেল।
১৭ বলে ২২ রান করা কিংয়ের বিদায়ে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হয়ে যায় ৫.৩ ওভারে ১ উইকেটে ৪৩ রান। তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন শিমরন হেটমায়ার। ওপেনার শাই হোপের সঙ্গে মিলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন হেটমায়ার। হোপ-হেটমায়ার নেপালের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। দ্বিতীয় উইকেটে ৫৯ বলে ৯১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন তাঁরা (হোপ-হেটমায়ার)।
১৫.২ ওভারে ১ উইকেটে ১৩৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ ২৮ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল জয় পেয়েছে। দুইবারের চ্যাম্পিয়নরা তাতে এক ম্যাচ হাতে রেখেই সুপার এইটের টিকিট কেটেছে। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেছেন শাই হোপ। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ৪৪ বলের ইনিংসে ৫ চার ও ৩ ছক্কা মেরেছেন। তাঁর সঙ্গী হেটমায়ার ৩২ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪৬ রান করেন।
ওয়াংখেড়েতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপাল ১৫ ওভারে ৬ উইকেটে ৭৩ রানে পরিণত হয়। চার নম্বরে নামা দীপেন্দ্র সিং ঐরি একপ্রান্তে আগলে রেখে খেলেছেন বলেই নেপালের স্কোর ১৩০ পেরিয়েছে। ৪৭ বলে তিনটি করে চার ও ছক্কায় করেছেন ৫৮ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটা তাঁর প্রথম ফিফটি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রানে করেছে নেপাল।
ম্যাচসেরা হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার। ৪ ওভারে ২৭ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে কিপটে বোলিংয়ে নজর কেড়েছেন ম্যাথু ফোর্ড। ৪ ওভারে ১০ রানে নিয়েছেন ১ উইকেট। পরশু ওয়াংখেড়েতে সান্ত্বনার জয় পেতে নামবে নেপাল। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপ পর্বে চার ম্যাচের সবই ওয়াংখেড়েতে খেলছে নেপাল। আর বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ নিজেদের ঝালিয়ে নিতে কলকাতায় নামবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উইন্ডিজের প্রতিপক্ষ ইতালি।