এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের অন্যতম ফেভারিট ভারত। প্রায় সব বিশ্লেষকেরা এবং সাবেক ক্রিকেটাররা সম্ভাব্য শিরোপা জয়ী হিসেবে ওপরের দিকেই রেখেছেন দলটিকে। ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামিও এর ব্যতিক্রম নন। তাঁর মতে, বিশ্বকাপ জিততে হলে ভারতকে হারাতেই হবে।
ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক স্যামি। সবশেষ ২০১৬ সালের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ছোট সংস্করণের বিশ্বকাপ জিতেছিল ক্যারিবীয়রা। তার আগে সেমিফাইনালে তাদের কাছে হেরেছিল আয়োজক ভারত। এক দশক পর আরও একবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত। এবারও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গেই আছেন স্যামি; তবে ভিন্ন ভূমিকায়।
সংবাদ সম্মেলনে স্যামি বলেন, ‘কোনো দল যদি ভারতকে হারাতে না পারে, তাহলে তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারবে না। নকআউট পর্বে ভারতকে হারাতে হবে কিংবা সেটা সেমিফাইনাল বা ফাইনাল হোক। ভারতে ফেভারিট, তাদের হারাতে হলে প্রতিটা দলকে সত্যিই খুব ভালো খেলতে হবে।’
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে নিয়ে পরিকল্পনা ছিল ওয়েস্ট ইন্ডিজের। স্মৃতিচারণ করে স্যামি বলেন, ‘২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা এখানে (ভারত) এসে ভারতের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছি। এরপর নিজেদের মধ্যে আলোচনা করেছি। সিনিয়র খেলোয়াড়েরা, তখনকার কোচ (ফিল সিমন্স) এবং আমরা সবাই বলেছিলাম–এই বিশ্বকাপ জিততে হলে ভারতকে হারাতে হবে।’
এবারের বিশ্বকাপে ফেভারিট না হলেও শিরোপার দিকেই চোখ রাখছেন স্যামি, ‘যদি এই বিশ্বকাপ না থাকত যে আমরা বিশ্বকাপ জিততে পারব তাহলে আমরা এখানে থাকতাম না। বর্তমান পরিস্থিতি ১০ বছর আগের মতোই। সেবারও সবকিছু আমাদের বিরুদ্ধে ছিল। আমাদের দল নিয়ে কারও আস্থা ছিল না। আমি ছেলেদের সামর্থ্যের দিকে তাকিয়ে আছি। আমরা জিততে (টি-টোয়েন্টি বিশ্বকাপ) চাই। এ জন্য আমাদের দারুণ ক্রিকেট খেলতে হবে।’