হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে বাজে রেকর্ডে সাকিব-তামিমদের পাশে ভারতের অভিষেক, সামনেই সৌম্য-আফ্রিদি

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন বার করে শূন্য রানে আউট হয়েছেন অভিষেক শর্মা ও সাকিব আল হাসান। ছবি:সংগৃহীত

০,০,০—অভিষেক শর্মার নামের পাশে সংখ্যাগুলো অবাক করার মতো হলেও আসলে ঠিক এমনটাই হচ্ছে। বিস্ফোরক ব্যাটিংয়ে বোলারদের ছিন্নভিন্ন করে দিতে ওস্তাদ অভিষেক ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো রানের খাতা খুলতে পারছেন না। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটারের নাম এমন এক বাজে রেকর্ডে উঠে গেল, যে পরিসংখ্যানটা তিনি দেখতেই চাইবেন না।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত খেলেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। ইনিংসের তৃতীয় বলে ডাচ স্পিনার আরিয়ান দত্তকে পুল করতে গিয়ে বোল্ড হলেন অভিষেক। তাতে এবারের বিশ্বকাপে তৃতীয়বার শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে নাম উঠে গেল তাঁর। বাঁহাতি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ডাক মারার তালিকায় যৌথভাবে দ্বিতীয় অভিষেক। তিন বার করে শূন্য রানে আউট হয়ে ভারতীয় ওপেনারের সঙ্গে এই তালিকায় আছেন সাকিব আল হাসান, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমান ও কুইন্টন ডি কক। বাঁহাতি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ চারবার করে শূন্য রানে আউট হয়েছেন সনাথ জয়াসুরিয়া ও সৌম্য সরকার।

ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে যৌথভাবে শীর্ষে আশিষ নেহরা ও অভিষেক শর্মা। বিরাট কোহলিও বিশ্বকাপে দুটি ডাক মেরেছিলেন। সেই দুটিই হয়েছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। ফাইনালে দুর্দান্ত এক ফিফটি করে ভারতকে চ্যাম্পিয়ন করে পেয়েছিলেন ফাইনালসেরার পুরস্কার। এটা তাঁর ভারতের জার্সিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শেষ ম্যাচও। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচবার করে শূন্য রানে আউট হওয়ার বিব্রতকর রেকর্ড তিলকরত্নে দিলশান ও শহীদ আফ্রিদির।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে চার ম্যাচের মধ্যে তিন ম্যাচ খেলতে পেরেছেন অভিষেক।নামিবিয়ার বিপক্ষে ম্যাচেই শুধু একাদশে ছিলেন না তিনি। যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বসাকল্যে ৮ বল খেলতে পেরেছেন অভিষেক। যার মধ্যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মেরেছেন গোল্ডেন ডাক। পাকিস্তান-ম্যাচে টিকতে পেরেছেন চার বল। সুনীল গাভাস্কারের মতে অভিষেক হয়তো নিজের ওপর বাড়তি চাপ নিয়ে ফেলছেন। স্টার স্পোর্টসে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘সম্ভবত তার (অভিষেক) ওপর প্রত্যাশার চাপ বেশি। সে দারুণ ক্রিকেটার। যদি প্রথম ম্যাচে সে দারুণ শুরু করতে পারত, তাহলে ব্যাপারটা ভিন্ন হতো। তবে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার হওয়ার চাপটা হয়তো সে অনুভব করছে।’ সুপার এইটে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে ভারত।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০২৪ সালের জুলাইয়ে অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রথমবারের মতো খেলতে নামেন। ভারত ছন্দে থাকলেও নিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ রাঙানোর সুযোগ কাজে লাগাতে পারছেন না তিনি। অভিষেকের মতো তানজিদ হাসান তামিমও তিনটা ডাক মেরেছেন এক বিশ্বকাপেই। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচ খেলে তিনটিতেই শূন্য রানে আউট হয়েছিলেন তানজিদ তামিম। আর সাকিব সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গোল্ডেন ডাক মেরেছিলেন। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের এটা আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারেরও শেষ ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাঁহাতি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড

শূন্য দল

সৌম্য সরকার ৪ বাংলাদেশ

সনাথ জয়াসুরিয়া ৪ শ্রীলঙ্কা

অভিষেক শর্মা ৩ ভারত

সাকিব আল হাসান ৩ বাংলাদেশ

তানজিদ হাসান তামিম ৩ বাংলাদেশ

মোস্তাফিজুর রহমান ৩ বাংলাদেশ

কুইন্টন ডি কক ৩ দক্ষিণ আফ্রিকা
#২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি ভারত-নেদারল্যান্ডস ম্যাচ পর্যন্ত

‘ভারতকে আমাদের সময়েই পাকিস্তান হারাতে পেরেছে, আপনারা তো পারেননি’

গ্রুপ পর্বে জমেনি, সুপার এইটে বিশ্বকাপ জমবে তো

আমাদের সঙ্গে প্রতারণা করেছে অস্ট্রেলিয়া, বলছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

‘জিম্বাবুয়ের কাছে ভরাডুবির কথা অস্ট্রেলিয়ার বারবার মনে পড়বে’

বাংলাদেশকে পরের বিশ্বকাপের টিকিট দিল আইসিসি

বিশ্বকাপের মাঝপথে আরেক দফা ধাক্কা খেল শ্রীলঙ্কা

নামিবিয়াকে বিধ্বস্ত করে সুপার এইটের টিকিট কাটল পাকিস্তান

বিসিবি সভাপতি নয়, নাকভির চোখে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ‘আসল নায়ক’ তাহলে কে

দেশের খেলাধুলাকে দলীয় ও রাজনীতিমুক্ত করার অঙ্গীকার আমিনুল হকের

ইমরান খানকে মেরে ফেলার হুমকি দিয়েছেন পিসিবি চেয়ারম্যান