হোম > খেলা > ক্রিকেট

‘টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে কখনোই আমাকে মূল্যায়ন করা হয়নি’

ক্রীড়া ডেস্ক    

২০২২ সালের নভেম্বরের পর আর ভারতের টি-টোয়েন্টি দলে দেখা যায়নি রাহুলকে। ছবি: সংগৃহীত

লম্বা সময় ধরে ভারতের টি-টোয়েন্টি দলের বাইরে আছেন লোকেশ রাহুল। ২০২২ সালের নভেম্বরের পর আর এই সংস্করণে দেখা যায়নি তাঁকে। বিষয়টি নিয়ে এবার খোলামেলা কথা বললেন এই উইকেটরক্ষক ব্যাটার। রাহুলের দাবি, তাঁকে কখনোই টি-টোয়েন্টি ক্রিকেটার হিসেবে মূল্যায়ন করেনি টিম ম্যানেজমেন্ট।

দিল্লি ক্যাপিটালসের হয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন রাহুল। ৪৩৩ রান করে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। গত ২৫ এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৫২ রানের ইনিংস খেলেন। যা আইপিএলে ভারতীয়দের মধ্যে এক ম্যাচে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। দিল্লির হয়ে দুর্দান্ত ব্যাটিং করে আবারও টি-টোয়েন্টি দলে কড়া নাড়ছেন রাহুল।

জিওস্টারের ‘সুপারস্টারস’ অনুষ্ঠানে রাহুল বলেন, ‘দশ বছর আগে আমি টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়ার জন্য সবকিছু দিতে প্রস্তুত ছিলাম। তখন আমাকে কখনোই টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে দেখা হতো না, এমনকি ভালো সাদা বলের ক্রিকেটার হিসেবেও না—আমাকে টেস্ট খেলোয়াড় হিসেবেই ব্র্যান্ড করা হয়েছিল।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে সব সময় সবকিছু পক্ষে না গেলেও ‘টেস্ট বিশেষজ্ঞ’ ট্যাগ থেকে বের হয়ে আসতে পেরে স্বস্তিতে আছেন রাহুল, ‘সেই ধারণা (টেস্ট বিশেষজ্ঞ) ভেঙে বেরিয়ে আসা, নিজের সাদা বলের খেলা উন্নত করা এবং এতদূর আসা—এটা নিয়ে আমি সত্যিই গর্বিত। এই পথচলায় ভুল করেছি, আরও ভালো করার সুযোগ ছিল। তবে যেটা আমাকে গর্বিত করে, তা হলো—প্রতিবার মাঠে নামার সময় আমি নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি এবং প্রস্তুতিও নিয়েছি সেভাবেই। ক্রিকেট আসলে এমনই। সবকিছু সব সময় আপনার পক্ষে যাবে না।’

ফলাফল যাই হোক, সব সময় ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন রাহুল, ‘আপনাকে সবকিছু সহজভাবে নিতে হবে এবং এই যাত্রাটা উপভোগ করতে হবে। যখন আমি নিজের অর্জন নিয়ে হতাশ হই, তখন যা পেয়েছি তা মনে করি—এতে দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমার হাতে এখনো সময় আছে। তাই আমি চেষ্টা চালিয়ে যাব এবং দেখব কতগুলো ট্রফি জিততে পারি।’

আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ

বুমরা নিজেকে কোথায় হারালেন

৪৮ ধাপ এগোলেন বাংলাদেশের সুলতানা

‘আইপিএল হাস্যকর এক টুর্নামেন্ট হয়ে গেছে’

‘অতীত ভুলে যাই, ভবিষ্যৎ নিয়েও ভাবি না’

বুলবুলদের করা আঞ্চলিক কমিটি বিলুপ্ত করলেন তামিমরা

চ্যাম্পিয়ন আবাহনীর হার, জিতল মোহামেডান

আইপিএলে প্রেমিকাদের নিয়ে কঠোর হচ্ছে ভারতীয় বোর্ড

২০ হাজার কোটি টাকায় আইপিএলের দল কিনেও বিপদে মালিকপক্ষ

ধবলধোলাইয়ের পর আইসিসির শাস্তিও পেলেন জ্যোতি