নেপালের কীর্তিপুর স্টেডিয়ামে আজ জমে উঠেছে বাংলাদেশিদের মিলনমেলায়। সাকিব আল হাসান তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। তবে এই ম্যাচে নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল) ক্যারিয়ারসেরা বোলিং করলেও শেষ পর্যন্ত পরাজিত দলেই থেকে গেছেন সাকিব।
সাকিব, সাইফউদ্দিন, মেহেদী পোখারা অ্যাভেঞ্জার্সের হয়ে খেললেও আজ তাঁদের প্রতিপক্ষ ছিলেন সাইফ। যেখানে জনকপুর বোল্টসের সাইফের উইকেটটা তুলে নিয়েছেন সাকিব। শেষ পর্যন্ত জিতেছে সাইফের জনকপুর বোল্টস। সাকিবের পোখারা হেরে গেল ৯ রানে।
আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পোখারা অধিনায়ক কুশল ভুর্টেল। টস হেরে আগে ব্যাটিং পাওয়া জনকপুর ২০ ওভারে ৯ উইকেটে করে ১৪৭ রান। ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন তীর্থ রাজ দাস। ৫৫ বলের ইনিংসে সাত চার ও ২ ছক্কা মেরেছেন। পোখারার সাকিব ৪ ওভারে ১৫ রানে নিয়েছেন ৩ উইকেট। এটাই তাঁর এনপিএলে সেরা বোলিং। এর আগে সুদূরপশ্চিম রয়্যালসের বিপক্ষে ৪ ওভারে ২৪ রানে পেয়েছিলেন ১ উইকেট।
১৪৮ রানের লক্ষ্যে নেমে আজ পুরো ২০ ওভার খেললেও জিততে পারেনি পোখারা।৯ উইকেটে ১৩৮ রানে আটকে যায় দলটি। সাকিব অবশ্য ব্যাটিংটা ভালো করতে পারেননি। ১৭ বলে করেন ৯ রান। জনকপুরের মঈন আলী ৪ ওভারে ১৩ রানে নিয়েছেন ৩ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন। তীর্থ রাজ দাস ৬১ রান করে ম্যাচসেরা হয়েছেন।
টানা দুই ম্যাচ হেরে যাওয়ায় এখনো কোনো পয়েন্ট পায়নি পোখারা অ্যাভেঞ্জার্স। তবে সাকিবের দুর্দান্ত বোলিং আজ নজর কেড়েছে। বিশেষ করে মঈন আলীকে বাংলাদেশের তারকা অলরাউন্ডার ঘূর্ণিজাদুতে যেভাবে বোল্ড করেন, তা সামাজিক মাধ্যমে ভাইরাল। মঈন, সাইফ হাসানের পাশাপাশি ম্যাচসেরা তীর্থরাজ দাসেরও উইকেট পেয়েছেন।