হোম > খেলা > ক্রিকেট

সিলেট টেস্টের আগে কার থেকে কী পরামর্শ পেয়েছেন অমিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের হয়ে এক টেস্ট খেলেছেন অমিত হাসান। ছবি: সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অমিত হাসানের কাছে হাতের তালুর মতো চেনা। এই মাঠে নিয়মিত খেলেছেন তিনি। তবে সেসবই ঘরোয়া ক্রিকেটে। বাংলাদেশের জার্সিতে এই মাঠে এখন পর্যন্ত তাঁর মাঠেই নামা হয়নি। এবার অমিতের সামনে রয়েছে সেই সুযোগ।

আন্তর্জাতিক ক্রিকেটে একমাত্র ম্যাচ অমিত খেলেছেন এ বছরের জুনে। জিম্বাবুয়ের বিপক্ষে সেই টেস্টে করেন ২৯ রান। সে যা-ই হোক, তাঁর নাম ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে। তবে একাদশে খেলার সুযোগ মেলেনি। পরবর্তীতে আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দল থেকেই বাদ পড়েন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টও অমিতের খেলার কথা ছিল না। প্রথম টেস্টের দলে তো ছিলেন না। এমনকি দ্বিতীয় টেস্টের দলে তিনি ডাক পেয়েছেন মুমিনুল হকের পরিবর্তে। এবার পাশে পাচ্ছেন তাঁর ‘আইডল’ মুশফিকুর রহিমও। পরশু শুরু হতে যাওয়া সিলেট টেস্টের আগে কী পরামর্শ পেয়েছেন—আজ সাংবাদিকেরা জানতে চাইলেন অমিতের কাছে। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘সাধারণত সিনিয়র সবার সঙ্গেই মোটামুটি কথাবার্তা হয় যে কীভাবে আমার খেলায় আরও উন্নতি করতে পারি। কীভাবে প্রস্তুতি নিতে পারি। সব মিলিয়ে যদি চিন্তা করি, সিনিয়র যারা আছে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার।’

মিরপুর টেস্টেই চোট পেয়ে ম্যাচ থেকেই ছিটকে যান মুমিনুল। তার পরিবর্তে কনকাশন সাব হিসেবে খেলেন জাকের আলী অনিক। এবার মুমিনুল টেস্ট থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে সুযোগ মিলেছে অমিতের। সম্প্রতি জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সিলেটের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন। সিলেট টেস্টের একাদশে সুযোগ সেই ফর্ম ধরে রাখতে চান তিনি। ২৫ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘মুমিনুল ভাই দুর্ভাগ্যবশত এই টেস্টের দলে নেই। আমার যদি সুযোগ আসে, চেষ্টা করব যে, এনসিএলে যে রকম ক্রিকেট খেলে এসেছি, সেরকম খেলার চেষ্টা করব।’

মিরপুর টেস্টে নিজেদের পাতা ফাঁদেই সর্বনাশ হয়েছে বাংলাদেশের। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা স্পিন সহায়ক উইকেটের ফায়দা নিতে না পারলেও বাংলাদেশি ব্যাটারদের ঠিকই ভুগিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। মিরপুরের সেই দুঃসহ স্মৃতি সঙ্গে করে এবার সিলেট টেস্টে তাকিয়ে বাংলাদেশ।

মিরপুরে প্রথম টেস্টে ৮ উইকেটে হারায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের উঠার পথটা বেশ কঠিন হয়ে পড়েছে। ফাইনালের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি ধবলধোলাই এড়াতে আগামীকাল শুরু হতে যাওয়া সিলেট টেস্টে জিততেই হবে স্বাগতিকদের। জয়-পরাজয় একপাশে রেখে গুরুত্বপূর্ণ সে ম্যাচের আগে আলোচনায় উইকেট।

সাম্প্রতিক বছরগুলোতে পেসাররা দারুণ সাফল্য পেলেও ঢাকা টেস্টে স্পিন সহায়ক উইকেটে ভরসা রেখেছিল বাংলাদেশ। হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ওয়েস্ট ইন্ডিজের শক্তি ও দূর্বলতার বিষয়টি মাথায় রেখেই এমন উইকেট তৈরি করা হয়েছিল। সেই পরিকল্পনা শেষ পর্যন্ত হিতে বিপরীত হয়েছে। প্রথম ইনিংসে ২৭২ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ১৭০ রানের লক্ষ্য দিয়ে স্পিনাররা ছিলেন পুরোপুরি ব্যর্থ। একটা উইকেটও নিতে পারেননি তাইজুল-মিরাজরা। ক্যারিবীয়দের পতন হওয়া উইকেট দুটি নেন হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম।

অন্যদিকে উইকেটের পূর্ণ সুবিধা কাজে লাগিয়ে স্বাগতিকদের ২০ উইকেটের ১৬টাই নেন জোমেল ওয়ারিক্যান, রোস্টন চেজরা। সিলেটে উইকেটের চিত্র কেমন উইকেট হয়, সেটা নিয়ে কৌতুহলের শেষ নেই ভক্তদের মনে। এখনই সেটার উত্তর না মিললেও দ্বিতীয় টেস্ট যে স্পিন বিষে নীল হচ্ছে না, সে ইঙ্গিত পাওয়া গেছে এরই মধ্যে। দ্বিতীয় টেস্ট সামনে রেখে গতকাল অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অনুশীলন ছাড়াও সবার পাখির চোখ ছিল উইকেটের দিকে।

আশার কথা হলো, ম্যাচ শুরুর দুই দিন আগেই সিলেটের উইকেটে সবুজ ঘাস চোখে পড়েছে। এমন উইকেটে খেলা হলে সুবিধা পাবেন পেসাররাই। তবে শেষ দিকে স্পিনাররাও বেশ টার্ন পেয়ে থাকেন। অর্থাৎ, বর্তমান চিত্র বলছে, দ্বিতীয় টেস্টে স্পোর্টিং উইকেট হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু শেষ পর্যন্ত উইকেটের চেহারা বদলে যায় কি না, সেটাই এখন বড় প্রশ্ন। অমিত হাসানের কাছেও উইকেট সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। এই ব্যাটারও অপেক্ষায় রাখলেন সাংবাদিকদের,‘এখন পর্যন্ত তো ঘাসের উইকেট দেখলাম। আরও এক দিন সময় বাকি আছে। তো দেখা যাক কী হয়।’

সাদিকুরের সেঞ্চুরিতে চট্টগ্রামের রোমাঞ্চকর জয়

এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে

তরুণদের টুর্নামেন্টে ‘বুড়ো’ সাব্বির, দলে আছেন আরও যাঁরা

বাংলাদেশের স্পিনারদের কীভাবে সামলেছে ওয়েস্ট ইন্ডিজ, রহস্য জানালেন কোচ

নিষিদ্ধ পদার্থ সেবনের শাস্তি পেলেন আয়ারল্যান্ডের নারী ক্রিকেটার

ভারত সিরিজের মাঝপথে আরও এক দফা ধাক্কা খেল নিউজিল্যান্ড

দিল্লির দূষণে ভারতের ম্যাচ নিয়ে শঙ্কা

আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির

বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন

স্পিন উইকেটে খেলে যেভাবে নিজেদের ফাঁদে পড়ে বাংলাদেশ