বাংলাদেশের ক্রিকেট মূলত ঢাকাকেন্দ্রিক। একজন ক্রিকেটারে বেশির ভাগ উন্নত সুযোগ-সুবিধা পেতে ঢাকায় আসা ছাড়া যেন গতি নেই! আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চট্টগ্রাম, সিলেট ও বরিশালের আঞ্চলিক ক্রিকেট সংস্থায় অ্যাডহক কমিটি গঠন করেছিল। কমিটিগুলো বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটি।
আজ মিরপুরের বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত বিসিবি অ্যাডহক কমিটির সভায় আঞ্চলিক ক্রিকেট সংস্থার অ্যাডহক কমিটি বিলুপ্তির সঙ্গে আগামী বিসিবি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত হয়েছে। প্রথম ধাপে বিসিবি সংবিধানের ধারা ১২.৭ অনুযায়ী সকল শ্রেণি থেকে কাউন্সিলর মনোনয়নের জন্য শিগগিরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বিসিবি নির্বাচন পরিচালনা করতে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। এই কমিশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য থাকবেন। কদিন আগে তামিম ইকবাল জানিয়েছিলেন জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হয়ে যেতে পারে বিসিবি নির্বাচন। তিনি নিজেও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।