আগে ব্যাটিং করে পুরো ওভার খেলতে তো পারেনি আফগানিস্তান। স্কোরবোর্ডে ২৫০ রানও তুলতে পারেনি। দুর্দান্ত বোলিংয়ে জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলে বাংলাদেশ। তবে ওমানের আল-আমেরাত গ্রাউন্ডে ডুবিয়েছেন ব্যাটাররা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ আফগানিস্তানের কাছে বাংলাদেশ রীতিমতো ধরাশায়ী হয়েছে।
২১ অক্টোবর শারজায় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের কাছে বাংলাদেশ জাতীয় দল হেরেছিল ৭ উইকেটে। সেবার স্কোরবোর্ডে বাংলাদেশ তুলেছিল ১৬০ রান। ১৫ দিনের ব্যবধানে একই প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশের যুবারা করেছে আরও কম। আল-আমেরাত গ্রাউন্ডে আজ নিজেদের যুব এশিয়া কাপের প্রথম ম্যাচে ১১৮ রানে গুটিয়ে গিয়ে বাংলাদেশ হেরেছে ১১৩ রানে।
ওমানের আল-আমেরাত গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক সোহেল খান। শুরুটা আক্রমণাত্মক ব্যাটিং করলেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে আফগানরা ৪৯ ওভারে গুটিয়ে যায় ২৩১ রানে। সর্বোচ্চ ৮৩ রানের ইনিংস খেলেন শাহ ফয়সাল রহিমি। ৯৭ বলের ইনিংসটি তিনি সাজান ৮ চার ও এক ছক্কায়। এ ছাড়া তাহির সারওয়ারি ৪৩ বলে ৩৭ এবং অধিনায়ক সোহেল খান ৩৬ বলে ১৭ রান করেন।
ম্যাচে বাংলাদেশের সফল বোলার তাফিউল আলম তামিম নিয়েছেন ৪ উইকেট। ১০ ওভারে খরচ করেন ৪১ রান। এ ছাড়া রবিউল হাসান অনিক দুটি উইকেট পেয়েছে। শেখ আতিকুর রহমান, রুবায় ইসলাম রিজন ও আল রাফি একটি করে উইকেট নেন।
২৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০.১ ওভারে ৬ উইকেটে ৪১ রানে পরিণত হয় দলটি। একপ্রান্তে আগলে রেখে খেলতে থাকেন এসকে জারিফ সিয়াম। সপ্তম উইকেটে অনিকের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন সিয়াম। তবে এই জুটি ভাঙতেই মুহূর্তে শেষ হয়ে যায় বাংলাদেশ। ২২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ২৫.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় দলটি।
বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করেন এসকে জারিফ সিয়াম। ৫৮ বলের ইনিংসে মেরেছেন ৬ চার। আফগানিস্তানের আমির হামজা, নূর আলী, সামি মুবরেজ প্রত্যেকেই তিনটি করে উইকেট নিয়েছেন। এক উইকেট নিয়েছেন আফগান অধিনায়ক সোহেল। ৯৭ বলে ৮৩ রান করে আফগানিস্তানের মিডল অর্ডার ব্যাটার হয়েছেন ম্যাচসেরা।