পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনকে কেন্দ্র করে গত কিছু দিন চরম অস্থির ছিল ক্রিকেট দুনিয়া। এই ইস্যুতে বিভিন্ন মন্তব্য করে আলোচনায় ছিলেন ভারত এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। পাকিস্তান ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এলেও কথাই লড়াই চলছে আগের মতোই।
ম্যাচ বর্জনের ইস্যুতে প্রতিবেশী দেশকে দায়ী করেছেন হরভজন সিং, আকাশ চোপড়া, রশিদ লতিফরা। সবশেষ এই বিষয়টি নিয়ে মুখ খুললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাক। ভারতের সাবেক ক্রিকেটাররা পাকিস্তান নিয়ে ঘৃণা ছড়াচ্ছেন বলে দাবি করেছেন তিনি।
‘গেম অন হ্যায়’ অনুষ্ঠানে মুশতাক বলেন, ‘ভারতের নামকরা সাবেক ক্রিকেটাররা অদ্ভুত সব মন্তব্য করে ঘৃণা ছড়াচ্ছেন। তাঁরা আসলে ক্রিকেটের উদ্দেশ্যটাই বোঝেন না। ক্রিকেট হলো শান্তি ও ঐক্যের বার্তা। গত বছর আমরা যুক্তরাষ্ট্রে ক্রিকেট অল-স্টারস খেলতে গিয়েছিলাম। দুই দেশের ভক্তরা দুই দেশের পতাকা একসঙ্গে সেলাই করে একটি বিশাল পতাকা বানিয়েছিলেন। মাঝখানে ভারত ও পাকিস্তানের পতাকা জোড়া লাগানো ছিল। এমনকি দুই দেশের মানুষ সেখানে অবস্থান করছিল।’
ভারতের সাবেক ক্রিকেটারদের বুদ্ধি খাটিয়ে মন্তব্য করার পরামর্শ দিয়েছেন মুশতাক, ‘সম্প্রতি ভারতের একজন সাবেক ক্রিকেটার, আমি তাঁর নাম বলব না। পাকিস্তানের বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল। জবাবে তিনি বলেছিলেন, ‘আমি শুরুতেই বলতে চাই, যাদের সম্মান নেই, তারা সম্মান নিয়ে কীভাবে কথা বলে।’ আমি আপনাকে বলব আগে সাধারণ বুদ্ধি খাটান। একজন সাবেক ক্রিকেটার হয়ে কোন ধরনের সংকীর্ণমনা কথা বলছেন? খেলোয়াড়দের নায়ক ও তারকা হওয়া উচিত। তারকারা সবার জন্যই আলো নিয়ে আসে, তারা সবার জন্য। অন্তত বীরের মতো আচরণ করুন।’
মুশতাক আরও বলেন, ‘রাজনীতিবিদেরা তাদের কাজ করে যাচ্ছেন। কিন্তু সেখানে সাবেক ক্রিকেটারদের একই পথে হাঁটা উচিত না। আপনারা কি দেখেন না, যখন বাউন্ডারি আসে বা উইকেট পড়ে তখন দুই দেশের মানুষ-ই তালি দেয়। আপনারা বিষয়টাই বুঝতে পারছেন না। আমার মনে হয় সীমান্তের ওই পারে কাণ্ডজ্ঞানের অভাব আছে। তাদের উচিত (ভারতের সাবেক ক্রিকেটার) আরও বুদ্ধিমত্তার সঙ্গে কথা বলা।’