আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক রকম ব্রাত্য নাজমুল হোসেন শান্ত। সবশেষ গত বছরের মে মাসে সংযুক্তর আরব আমিরাতের বিপক্ষে খেলার পর জাতীয় দলের টি-টোয়েন্টিতে দেখা যায়নি। এবার এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক চি-টোয়েন্টিতে ১৬ মাস পর ফিরছেন শান্ত। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে জায়গা পাকা করতে চান বাংলাদেশের এই বাঁহাতি ব্যাটার।
২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ ম্যাচে করেছেন ৯৮৭ রান। এক সময় এই সংস্করণে ছিলেন অধিনায়ক। কিন্তু ২০২৫ সালে লিটন দাস বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক হওয়ার পর জায়গা হারান শান্ত। টি-টোয়েন্টির চাহিদামতো ব্যাটিং করতে না পারায় বাদ পড়েন শান্ত। ছয় বছরের ক্যারিয়ারে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে তাঁর স্ট্রাইকরেট ১০৯.০৬।
জাপানে এ মাসের শেষে বাংলাদেশ ক্রিকেট দল যে এশিয়ান গেমসে খেলবে, সেটা হবে টি-টোয়েন্টি সংস্করণেই। লিটনের অধীনে এবার ফিরেছেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিডিও বার্তায় শান্ত বলেন, ‘অনেক দিন পরে এই সংস্করণে আবার ফিরে আসা অবশ্যই ভাল লাগার একটা বিষয়। আমি বিশ্বাস করি যে এই সংস্করণে দলের যে চাহিদা থাকবে, সেই অনুযায়ী পারফর্ম করার চেষ্টা করব। এশিয়ান গেমস অনেক বড় একটা প্ল্যাটফর্ম আমি মনে করি।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খারাপ হলেও ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত শান্ত। ২০২৬ বিপিএলে তাঁর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। ২৯.৫৮ গড় ও ১৩৫.৪৯ স্ট্রাইকরেটে করেন ৩৫৫ রান। এক সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন। এশিয়ান গেমসে দলের জন্য অবদান রাখতে পারাটাই লক্ষ্য শান্তর। বিসিবির ভিডিও বার্তায় শান্ত বলেন, ‘ব্যক্তিগত কোনো লক্ষ্য নাই। সত্যি বলতে আমার মতে দল হিসেবে ভালো ফল করাই প্রধান লক্ষ্য থাকবে। অবশ্যই চূড়ান্ত লক্ষ্য হলো সোনা জেতা। ভালো ক্রিকেট খেলে যদি আমরা লক্ষ্য অর্জন করতে পারি, এটাও সবচেয়ে বড় প্রাপ্তির জায়গা হবে।’
এশিয়ান গেমসের দলে ব্যাটিং লাইনআপে অধিনায়ক লিটনের পাশাপাশি আছেন শান্ত, তানজিদ হাসান তামিমরা। পেস বোলিংয়ে শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। ভারত যে শ্রেয়াস আইয়ারকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল দিয়েছে, সেখানে এক বৈভব সূর্যবংশীরই শুধু ২০২৬ সালে অভিষেক হয়েছে। এদিকে পাকিস্তানের এশিয়ান গেমসের দলে থাকা আলী রাজার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি। এমনকি তিন ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো ম্যাচই খেলেননি।
শান্তর মতে এবারের এশিয়ান গেমস ক্রিকেট অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, ‘এশিয়ার মধ্যে যে দলগুলো আছে, এখানে খেলতে পারা, এখানে পারফর্ম করা, এখানে দেশের হয়ে খেলা- এটা অনেক বড় একটা ব্যাপার। আমি মনে করি এখানে যদি দল হিসেবে বাংলাদেশকে একটা ভালো কিছু এনে দিতে পারি, এটা আমাদের বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের জন্য অনেক বড় একটা অর্জন হবে।’
টেস্টে শান্তর নেতৃত্বে বাংলাদেশ দুর্দান্ত খেলছে। মে মাসকে পাকিস্তানকে ধবলধোলাই করা বাংলাদেশ কদিন আগে ডারউইনে ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার মাঠে ২৩ বছর পর টেস্ট সিরিজ খেলতে গিয়ে বাংলাদেশ ১-১ সমতায় ড্র করেছে শান্তর অধিনায়কত্বেই।
নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে। ‘এ’ গ্রুপে পড়েছে জাপান, আফগানিস্তান ও নেপাল। ‘বি’ গ্রুপে হংকং, ওমানের সঙ্গে রয়েছে মালয়েশিয়া। তবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে। ২৯ সেপ্টেম্বর খেলতে নামবেন লিটনরা। তবে প্রতিপক্ষ নির্ধারিত হবে ‘এ’, ‘বি’ গ্রুপের ম্যাচগুলো শেষে।
ক্রিকেটে সর্বপ্রথম বাংলাদেশ স্বর্ণপদক পেয়েছে ২০১০ সালে। সেবার আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। ১৬ বছর পর লিটন-শান্তদের সামনে রয়েছে হারানো গৌরব পুনরুদ্ধারের সুযোগ। নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচগুলো হবে।