হোম > খেলা > ক্রিকেট

ভারতের ম্যাচের দিন আইপিএল নিলাম

ক্রীড়া ডেস্ক    

এ বছরের ১৬ ডিসেম্বর হবে আইপিএলের নিলাম। ছবি: ক্রিকইনফো

২০২৭ সালের আইপিএলের নিলামের ভেন্যু আগেই চূড়ান্ত করা হয়েছিল। এবার নির্ধারিত হলো তারিখও। ভারত-শ্রীলঙ্কা ম্যাচের দিনই হবে ভারতের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম।

গোয়ায় এ বছরের ১৬ ডিসেম্বর হবে আগামী আইপিএলের নিলাম। ২০২৭ আইপিএলের নিলাম হবে মিনি নিলাম। সেদিন গোয়া থেকে ৫০০ কিলোমিটার দূরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। নিলামের প্রায় এক মাস আগে খেলোয়াড় ধরে রাখার (রিটেনশন) শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে। আইপিএল কর্তৃপক্ষ সম্প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়েছে, খেলোয়াড় ধরে রাখার চূড়ান্ত সময়সীমা ১৫ নভেম্বর।

খেলোয়াড় ধরে রাখার চূড়ান্ত সময়সীমা (১৫ নভেম্বর) পেরোনোর পর আইপিএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা পাঠাবে। সেখান থেকে পছন্দের খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরপর নিলামের আগের সপ্তাহে চূড়ান্ত তালিকার পাশাপাশি খেলোয়াড়দের বিভিন্ন সেটের ক্রমও প্রকাশ করা হবে।

২০২৬ মৌসুম শেষ হওয়ার পর থেকে আইপিএলের ট্রেড উইন্ডোতে এখন পর্যন্ত মাত্র দুই খেলোয়াড় বিনিময় হয়েছে। আইপিএলের নিয়ম অনুযায়ী একটি মৌসুম শেষ হওয়ার এক মাস পর ট্রেড উইন্ডো চালু হয়। নিলামের এক সপ্তাহ আগ পর্যন্ত এটি খোলা থাকে। এরপর পরবর্তী মৌসুম শুরুর এক মাস আগ পর্যন্ত এই উইন্ডো চালু থাকে।

২০২৭ সালের আইপিএল কবে শুরু হবে, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো তারিখ চূড়ান্ত করেনি। তবে ২০২৪ সালে পরবর্তী তিনটি মৌসুমের সূচি ঘোষণা করার সময় আইপিএল কর্তৃপক্ষ ২০২৭ সালের আসরের জন্য ১৪ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। অবশ্য চলতি বছরের সেপ্টেম্বরে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া ইঙ্গিত দিয়েছিলেন, টুর্নামেন্টটি মার্চের শেষ দিকে শুরু হতে পারে।

আইপিএলের বর্তমান চক্রে এটিই হবে শেষ মিনি-নিলাম। ২০২৮ সালের মৌসুমের আগে অনুষ্ঠিত হবে একটি মেগা নিলাম। এই মেগা নিলামের মধ্য দিয়েই আইপিএলের পরবর্তী মিডিয়া স্বত্বের চক্র শুরু হবে। তবে বিসিসিআই এখনো এ-সংক্রান্ত দরপত্র প্রকাশ করেনি।

২০২২ সালে মিডিয়া স্বত্ব বিক্রি থেকে বিপুল পরিমাণ অর্থ আয় করার মাধ্যমে আইপিএল বিশ্বের শীর্ষস্থানীয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোর অভিজাত তালিকায় জায়গা করে নেয়। সে সময় আইপিএলের মিডিয়া স্বত্ব বিক্রি হয়েছিল ৬.২ বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৭৬৮২৫ কোটি টাকা।

ভারত-শ্রীলঙ্কা শুধু এ বছরের শেষে ওয়ানডেই খেলবে না। টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল। ১৩ ডিসেম্বর দিল্লিতে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে। আইপিএলের নিলামের দিন বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। আহমেদাবাদে ১৯ ডিসেম্বর হবে তৃতীয় ওয়ানডে।

টি-টোয়েন্টি সিরিজও হবে তিনটি আলাদা ভেন্যুতে। ২২ ডিসেম্বর রাজকোটে শুরু হবে ভারত-শ্রীলঙ্কা সিরিজের প্রথম টি-টোয়েন্টি। কটকে ২৪ ডিসেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় টি-টোয়েন্টি। পুনেতে ২৭ ডিসেম্বর হবে তৃতীয় টি-টোয়েন্টি।

টাকা ছাড়া এ কেমন নিলাম করল বিসিবি

বিপদে রাজশাহী

পাকিস্তানের বিরুদ্ধে ২ কোটি টাকা ‘প্রতারণার’ অভিযোগ

‘ফাইনাল খেলতে চায় বাংলাদেশ, এবার আমাদের সামনে দারুণ সুযোগ’

প্রাণঘাতী পিচ নিয়ে কোহলি কী বলেছিলেন, মুখ খুললেন ডু প্লেসি

বাংলাদেশ কেন ওয়েস্ট ইন্ডিজের এত পছন্দের দল

মিরাজের দলে তাসকিন-লিটন-মুমিনুল, কাদের কত দাম

‘বাংলাদেশ দলে এমন বিশৃঙ্খলা কি প্রথমবার দেখছেন’

বিগ ব্যাশে দল পেলেন মোস্তাফিজ

টিভিতে আজ কোথায় কোন খেলা দেখবেন