আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তেমন কোনো চমক নেই। বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। এ ছাড়া বাদ পড়েছেন অমিত হাসান। এই দুই পরিবর্তনের চেয়ে বেশি আলোচনায় এসেছে ট্রাভেলিং রিজার্ভের তালিকা।
মূল দলে ১৫ জনের পাশাপাশি ট্রাভেলিং রিজার্ভ হিসেবে রাখা হয়েছে তিনজনকে। এরা হলেন মুশফিক হাসান, ইকবাল হোসেন ইমন ও নাঈম হাসান। আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে থাকা ৬ ক্রিকেটার আবার খেলবেন এশিয়ান গেমসে। এই আঞ্চলিক টুর্নামেন্ট শেষে আরব আমিরাত যাবে তাঁরা। তার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে ঘাটতি পূরণ করবে ট্রাভেলিং রিজার্ভে থাকা ৩ ক্রিকেটার।
সংবাদমাধ্যমকে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, ‘আপনারা জানেন যে আমাদের এশিয়ান গেমসে দল যাচ্ছে, সেখানে ছয়জন ক্রিকেটার আছে এই দল (আফগানিস্তান টেস্ট) থেকে। সে জন্য আমরা ট্রাভেলিং রিজার্ভ হিসেবে নাইম হাসান, মুশফিক হাসান এবং ইকবাল হোসেন ইবনকে পাঠাচ্ছি। তারা দলের সঙ্গে যাবে, ট্রাভেল করবে এবং সেখানে অনুশীলন করবে।’
ট্রাভেলিং রিজার্ভে ৩ ক্রিকেটার রাখা প্রসঙ্গে সুমন আরও যোগ করেন, ‘আমাদের টেস্ট দলে থাকা ছয়জন ক্রিকেটার এশিয়ান গেমসে খেলতে যাবেন। তবে আফগানিস্তান সিরিজের আগে দলের যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ রয়েছে, সেখানে এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া ক্রিকেটারদের পরিবর্তে রিজার্ভ খেলোয়াড়েরা যোগ দেবেন।’
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরীফুল ইসলাম
ট্রাভেলিং রিজার্ভ: মুশফিক হাসান, ইকবাল হোসেন ইমন, নাঈম হাসান