নাহিদ রানা যেন ইয়ান বিশপের পছন্দের এক ক্রিকেটার। বাংলাদেশের গতিতারকাকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই পোস্ট করেন বিশপ। এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ধারাভাষ্যকক্ষে ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক রানার নাম উচ্চারণ করেছেন। বাংলাদেশের গতিতারকার যত্ন নেওয়া উচিত বলে মনে করেন বিশপ।
২০২৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রানা এরই মধ্যে পাঁচবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। যার মধ্য চারবারই এ বছরে। জিম্বাবুয়ের বিপক্ষে জুলাইয়ে ২১ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিংয়ের কীর্তি গড়েছেন। কিন্তু জিম্বাবুয়ে সফরের পর আন্তর্জাতিক ক্রিকেটে আর খেলাই হয়নি রানার। এবার বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট চলার সময় গতিতারকার চোট নিয়ে সতর্ক থাকার পরামর্শ বিশপের। ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘তার সঠিক চিকিৎসা নিন। আশা করি, এক দিন তার শরীর পেস বোলিংয়ের ধকল সহ্য করতে পারবে। তবে আমি এটাই বলতে চাই যে তার ব্যাপারে সতর্ক থাকুন। আপনারা তাৎক্ষণিক সাফল্য পেতে গিয়ে আসল সোনার ডিম পাড়া হাঁস মেরে ফেলবেন না।’
চোটে পড়ায় জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের পর মাঠের ক্রিকেটে নামতে পারেননি রানা। বিশপ আজ যে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের’ কথা বলেছেন, সেটা দেখা গেছে বাংলাদেশের সবশেষ আমিরাত সফরে। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দলে রাখা হয়নি রানাকে। তবে ২৪ বছর বয়সী বাংলাদেশের পেসার জিম্বাবুয়ে-আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও খেলতে পারেননি। এবার মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দলেও জায়গা পাননি তিনি।
রানার চোট প্রসঙ্গে অস্ট্রেলিয়ার পেসারদের কথা উল্লেখ করেছেন বিশপ। মিরপুরে আজ সংবাদমাধ্যমকে ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘রানার এসএনসির (স্ট্রেংথ-কন্ডিশনিং) ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। রানাকে যতটা সম্ভব বুলেটপ্রুফে করার দায়িত্ব নিতে হবে আপনাদের মেডিকেল টিমের। যেমনটা অস্ট্রেলিয়া করেছে। অজিরা তাদের খেলোয়াড়দের চিকিৎসাগত দিক ভালোভাবে সামলায়। যেমন মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের চোট সামলানো, জশ হ্যাজলউড। কারণ, তারা ৩৩, ৩৫, ৩৬, ৩৭ বছর বয়সেও ভালো খেলছে। স্কট বোল্যান্ডের কথাও বলতে পারেন।’
গতির ঝড়, বাউন্সারের পাশাপাশি ইয়র্কারে ব্যাটারদের কাঁপিয়ে দেওয়ার কৌশলটা রানার ভালোই জানা। বেশির ভাগ সময় তাঁর গতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি থাকে। তবে চোটে পড়ায় রানার দীর্ঘদিন খেলতে না পারা মানতে পারছেন না বিশপ। ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘দুঃখজনক শব্দটি সঠিক নয়। রানার জন্য এটা দুর্ভাগ্যজনক। কারণ, আমি বিশ্বাস করি নাহিদ বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাব্য সুপারস্টার। আপনি যখন বিশ্বের দিকে তাকান এবং তরুণ ফাস্ট বোলারদের উঠে আসতে দেখেন, সেখানে নাহিদ সম্ভবত অনেকের চেয়ে দ্রুততম বা তাদের সমকক্ষ। তার বয়স এখন শুরুর ২০-এর দিকে। কত বয়স? ২৩? হ্যাঁ ২৩ বা হয়তো ২২।’
আগস্টে অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করেছে। যার মধ্যে প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে হাসান মাহমুদ ম্যাচসেরা হয়েছেন। সেই ম্যাচে তিনি নেন ৯ উইকেট। রানাকে সেখানে দেখার অপেক্ষায় ছিলেন বিশপ। আজ মিরপুরে সংবাদমাধ্যমকে ক্যারিবীয় ক্রিকেট বিশ্লেষক বলেন, ‘আমি অস্ট্রেলিয়ায় বাউন্সি পিচে তাকে দেখার প্রত্যাশায় ছিলাম। যখন সেটা হলো না, তখন আমি হতাশ হয়েছিলাম। কিন্তু তার স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আন্তর্জাতিক ক্রিকেটে তাই তাকে খুব দ্রুত ফেরানো যাবে না। কারণ, আপনি গতি কিনতে পারবেন না। বিশ্বের প্রতিটি দলই একজন নাহিদ রানাকে খুঁজছে। তাকে ফিট রাখুন।’
বাংলাদেশ ৫১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ১০৫ রান করেন ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান নিয়েছেন ৫ উইকেট। উইন্ডিজ ৪৮ ওভারে ৪ উইকেটে ১৩৪ রান করার পর দ্বিতীয় দিনের খেলা শেষ হয়ে যায়।