হোম > খেলা > ক্রিকেট

বাজে হারের পর ভারতকে নিয়ে পাকিস্তানি টিভিতে ব্যঙ্গ-বিদ্রূপ

ক্রীড়া ডেস্ক    

ভারত ৭৬ রানে হারের পর পাকিস্তানি টিভি চ্যানেলে হাসাহাসিতে ব্যস্ত মোহাম্মদ আমির। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ১৯ নভেম্বর—ভারত যে চাইলেও দিনটিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে পারবে না। সেবার ওয়ানডে বিশ্বকাপে টুর্নামেন্টজুড়ে অপরাজিত ভারত হোঁচট খেল ফাইনালেই। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেই ফাইনালে হারের ২৭ মাস পর বড় মঞ্চে হারের স্বাদ তারা গতকাল পেল এই ভেন্যুতেই। তাও সেই হার যেন তেন হার নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানে হারল ভারত।

আইসিসি সাদা বলের টুর্নামেন্টে টানা ১৭ ম্যাচ জয়ের পর বাজেভাবে হেরে যাওয়া ভারতকে নিয়ে পাকিস্তানি টিভি চ্যানেলে চলেছে হাসাহাসি-ব্যঙ্গবিদ্রূপ। পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেলে ‘হার না মানা হ্যাঁয়’ অনুষ্ঠানের উপস্থাপক ও আমির সেই অনুষ্ঠানে কথা বলতে গিয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন। উপস্থাপক বলেন, ‘আমাদের পাকিস্তান দল যা পারল না, প্যানেলের লোকেরা সেটা লাহোরের স্টুডিওতে বসে করে দেখাল। মোহাম্মদ আমির প্রথমে অভিষেক শর্মাকে স্লগার বললেন। তারপর থেকেই অভিষেক টুর্নামেন্টে ধুঁকতে শুরু করলেন।’

সুপার এইটের ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগেই বারবার আমির বলেছিলেন, ‘ভারত সেমিফাইনালে উঠতে পারবে না।’ আহমেদাবাদে প্রোটিয়াদের কাছে ৭৬ রানের হারে স্বাগতিকদের সেমিতে ওঠার পথ অনেক কঠিন হয়ে গেছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে ‘হার না মানা হ্যাঁয়’ অনুষ্ঠানের উপস্থাপক আমিরকে ‘জ্যোতিষী’ আখ্যা দিয়েছেন। উপস্থাপক বলেছেন, ‘তিনি (আমির) বললেন, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। তাতে মনে হচ্ছে আমির যা বলছেন, ভারত সেটা শুনতে যাচ্ছে। আমাদের জ্যোতিষী, বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে স্বাগত জানাই।’ উপস্থাপকের মুখে জ্যোতিষী শব্দ শুনে আমির কিছুটা চমকে গেলেন। পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার বলেন,‘আমাকে আপনি কী বানিয়ে দিলেন? সৃষ্টিকর্তা আপনাকে ক্ষমা করুন।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে হারের পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি—আইসিসির সাদা বলের এই দুই টুর্নামেন্ট জেতে ভারত। দুটিতেই তারা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। এবারের বিশ্বকাপে চার ম্যাচের চারটিতে জেতা ভারত সুপার এইটে এসে হোঁচট খেয়েছে।

২৬ ফেব্রুয়ারি ও ১ মার্চ জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামবে ভারত। ভারত-জিম্বাবুয়ে ম্যাচ হবে চেন্নাইয়ে। কলকাতার ইডেন গার্ডেনসে উইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মা-জসপ্রীত বুমরাদের সামনে এখন সেমিতে ওঠার জটিল সমীকরণ।

বাংলাদেশ সিরিজের সূচি জানাল দক্ষিণ আফ্রিকা

বিসিবির সঙ্গে কী কথা হলো ক্রীড়া প্রতিমন্ত্রীর

ভারতকে উচিত শিক্ষাই দিয়েছে দক্ষিণ আফ্রিকা, বলছেন অশ্বিন

সেমিফাইনালে ওঠার জটিল সমীকরণে ভারত

সুপার এইটেও কি চমকে দেবে জিম্বাবুয়ে

বদলে গেল পিএসএলে রিশাদের দলের নাম

‘ভারতকে হারানো যায়’

বার্সার শীর্ষে ফেরার ম্যাচে ইয়ামাল রেগে গেলেন কেন

শক্তভাবে ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতীয় অধিনায়কের

পাকিস্তান সিরিজের প্রস্তুতি বিসিএলের মোড়কে