হোম > খেলা > ক্রিকেট

রবিনকে কেন নিল বিসিবি, নাঈম শেখকে ফেরানোর ব্যাখ্যা কী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো জাতীয় দলে মাহফিজুল ইসলাম রবিন (বাঁয়ে)। আর নাঈম শেখ পাঁচ বছর পর ফিরলেন টেস্টে। ছবি: বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যখন আজ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য টেস্ট দল ঘোষণা করল, সবচেয়ে বড় চমক হিসেবে এসেছেন মাহফিজুল ইসলাম রবিন। কারণ, প্রথমবারের মতো তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়েছেন। কিন্তু নাঈম শেখের ফেরাটাও কি কম চমকের? ক্যারিয়ারে একমাত্র টেস্ট খেলেছেন ২০২২ সালে। অবশেষে প্রায় ৫ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরেছেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯, ৪১ লিস্ট ‘এ’, ১০ টি-টোয়েন্টি—সব মিলিয়ে রবিন প্রতিযোগিতামূলক ক্রিকেটে খেলেছেন ৭০ ম্যাচ। তার চেয়েও বড় কথা যে টেস্ট দলে তাঁকে নেওয়া হয়েছে, সেই সাদা পোশাকে রবিন কেবল ১৯ ম্যাচ খেলেছেন। ৩৬ ইনিংসে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। যার মধ্যে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সর্বোচ্চ ৬৭২ রান করেছেন। ময়মনসিংহের জার্সিতে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যার মধ্যে চট্টগ্রামের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ২১৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে রবিনকে সুযোগ দেওয়া হয়েছে বলে মনে করেন সুমন। দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘রবিনকে নিয়ে আসলে আমরা প্রথমে চিন্তা করছিলাম। কারণ, আমাদের এখন ডানহাতি ওপেনার খুব দরকার। আপনারা জানেন, সেটা আমরা আগেও দেখছিলাম। তো, আমাদের হাতে রেডি কোনো খেলোয়াড় ছিল না। রবিনকেও আমরা আসলে আরেকটু সময় দিতে চেয়েছিলাম প্রস্তুত হতে। আমার মতে সে নিজেকে প্রমাণ করে ফেলেছে। আমরা প্রথম শ্রেণির ক্রিকেট দেখেছি। দুর্দান্ত খেলেছে সে।’

টেস্ট তো দূরে থাক, জাতীয় দলেও তেমন একটা নিয়মিত নন নাঈম শেখ। আবুধাবিতে গত বছরের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেলার সুযোগ হয়নি তাঁর। প্রায় ৫ বছর পর টেস্টে ফেরানোর কারণ হিসেবে তাঁর সাম্প্রতিক ফর্মের পাশাপাশি অন্যান্য পারিপার্শ্বিক অবস্থার কথাও বিবেচনা করেছে বিসিবি নির্বাচক প্যানেল। প্রধান নির্বাচক সুমন বলেন, ‘সত্যি বলতে আমাদের আরও একজন ওপেনারের কথা মাথায় ছিল। সেজন্যই দল দিতে একটু দেরি হয়েছে। আমরা জয়ের কথা, মাহমুদুল হাসান জয়ের কথা চিন্তা করেছিলাম। দুর্ভাগ্যবশত, কাল বিকেলে মেডিকেল বিভাগ তাকে বাদ দিয়েছে। এই টেস্টে সে খেলতে পারছে না। আর নাঈম শেখ এবার প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলছে।’

রবিনের পর এবারের এনসিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক সাদিকুর রহমান ও নাঈম শেখ। যার মধ্যে চট্টগ্রামের হয়ে সাদিকুর করেছেন ৬১২ রান। নাঈম ঢাকার জার্সিতে ৬১২ রান করেছেন। তিন সেঞ্চুরি ও এক ফিফটি করেছেন তিনি। সুমন বলেন, ‘আমরা নাঈম শেখকে আগে দেখেছি। দেখে মনে হচ্ছে সে ভালো ফর্মে আছে। একারণে নাঈম শেখকে আমরা বেছে নিয়েছি।’

দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে টপ অর্ডার ব্যাটারও একেবারে কম নয়। তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হকের পাশাপাশি আছেন অভিষেকের অপেক্ষায় রবিন। যাঁদের মধ্যে একমাত্র রবিন ছাড়া বাকিরা সবাই বাঁহাতি। মূলত এ কারণেই রবিনকে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন সুমন। সিলেটে দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের যেহেতু টপ অর্ডারে খুব বেশি বাঁহাতি ক্রিকেটার হয়ে যায়। আমার মনে হচ্ছে একজন ডানহাতি দরকার। সেজন্যে আমরা রবিনকেই বেছে নিয়েছি।’

২০২২ সালে মাহমুদুল হাসান জয় ছিটকে যাওয়ায় নাঈম শেখ ক্রাইস্টচার্চ টেস্টের দলে সুযোগ পেয়েছিলেন। কিন্তু ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে কখনো সুযোগ পাননি। নাঈমকে নিয়ে কি এবারও ‘ঠেকার কাজ’ করা হচ্ছে—সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছে। যেখানে প্রোটিয়া সিরিজে এক তানজিদ তামিম ছাড়া আর কোনো স্বীকৃত ওপেনার নেই। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘দেখুন, আমি একটা জিনিস দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা যত পরিকল্পনা করি, প্রত্যেক ক্রিকেটারকে এগিয়ে আসতে হবে। আমরা তো চিন্তা করতে পারি। চিন্তা করে এভাবে নিই। আপনি যে শব্দটা ব্যবহার করলেন ‘ঠেকা কাজ’, সেভাবে কাউকে নেওয়া হয় না। অনেক ক্রিকেটার দেখবেন এই সুযোগটা নিয়ে কিন্তু ঠিকই সফল হয়েছে। ছোট একটা উদাহরণ দিই এই টেস্ট ম্যাচটাতে। এখানে যদি মুমিনুল হক খেলতেন, তাহলে তো তাওহীদ হৃদয়ের সুযোগটা হতো না। হৃদয় এই সুযোগ দুই হাত ভরে নিয়েছেন।’

কেন জিততে পারল না বাংলাদেশ

কোনো ফলই এল না বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে

রানা তাহলে কবে ফিরছেন

৭০০০ রানের মাইলফলকে মুশফিকই প্রথম

বাংলাদেশ জাতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

বাংলাদেশ দলে চমক রবিন

রেকর্ড গড়েই জিততে হবে বাংলাদেশকে

সিলেটের ঐতিহাসিক ইনিংস হৃদয়ের কাছে কেন ‘স্পেশাল’ নয়

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

‘কাউকে এক দিন-দুই দিন দেখে বিচার করা ঠিক না’