টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে আমির দাবি করেছিলেন, ব্যাটাররা নিজেদের কাজ ঠিকভাবে করতে না পারায় ভারত সেমিফাইনালে উঠতে পারবে না। এমনকি ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও তিনি নিজের বক্তব্যে অনড় ছিলেন। পাকিস্তান পারুক না পারুক, ভারত সেমিফাইনালে ওঠবে না–এমন মন্তব্যও করেছিলেন আমির। কিন্তু মাঠের পারফরম্যান্সে আমিরের সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করেছে ভারত।
সেমিফাইনালে যেতে সুপার এইটের গ্রুপ ওয়ানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততেই হতো ভারতকে। এমন সমীকরণে শাই হোপের দলকে ৫ উইকেটে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪ বল হাতে রেখে ক্যারিবীয়দের করা ১৯৫ রান টপকে যায় আয়োজকেরা। ভারতকে সেমিফাইনালে নেওয়ার পথে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। আগামী ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারত সেমিফাইনাল নিশ্চিত করার পর আমিরকে নিয়ে সমালোচনা শুরু হয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জয়ের পরই সামাজিক মাধ্যমে তাঁর পুরনো মন্তব্য ভাইরাল হয়ে যায়। ভারতীয় ভক্ত-সমর্থকেরা আমিরের বক্তব্যের স্ক্রিনশট শেয়ার করে কটাক্ষ শুরু করেন।
ভবিষ্যদ্বাণী সঠিক না হওয়ায় আমিরকে খোঁচা দিয়েছেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। এক্সে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘পড়শির জীবনের সবচেয়ে বড় অর্জন।’ এই পোস্টের রিপ্লাই দিতে গিয়ে ক্রেজি স্পোর্টস নামের এক আইডি থেকে লেখা হয়েছে, ‘যখনই মোহাম্মদ আমির নিজের সীমা অতিক্রম করেছেন, তখনই তাকে তার মূল্য চুকাতে হয়েছে।’
শাহ আদিত্য নামের আরেকটি এক্স অ্যাকাউন্টে আমিরের বিমর্ষ মুখের ছবি এবং ভারতীয় দলের ছবি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘সূর্যকুমার যাদবের দল প্রমাণ করল আমির ভুল ছিল।’