যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের প্রভাব ক্রিকেটের ওপর বাজেভাবে পড়েছে। দোহায় এ মাসের শেষে যে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সভা হওয়ার কথা ছিল, সেই সভা স্থগিত করা হয়েছে।
দোহায় ২৫ থেকে ২৭ মার্চ হওয়ার কথা ছিল আইসিসির বোর্ড সভা। কিন্তু মধ্যপ্রাচ্যে প্রায় দুই সপ্তাহ ধরে চলমান যুদ্ধ থামার কোনো নাম নিচ্ছে না। সূত্রের বরাতে আইসিসি জানিয়েছে, স্থগিত হওয়া এই সভা এপ্রিলে কোনো এক সময়ে হবে। যদিও দিনক্ষণ বা ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা আর যুদ্ধাবস্থার কারণেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে। ২২ ফেব্রুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি কাতারে বোর্ড সভা আয়োজন করবে বলে জানিয়েছিল। ক্রিকেটের প্রতি ক্রমবর্ধমান আগ্রহ ও দেশটির ক্রীড়া কাঠামোর সঙ্গে মানিয়ে নিতেই বেছে নেওয়া হয়েছিল। ২৫ থেকে ২৭ মার্চ হতে যাওয়া আইসিসির এই সভায় বোর্ড পরিচালক, প্রধান নির্বাহী, কমিটির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থায় দোহায় সেই সভা হচ্ছে না।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ওপরও মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে। আকাশপথ বন্ধ থাকায় মধ্যপ্রাচ্যের অনেক ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায়। দূরপাল্লার ভ্রমণে অনেক বিমান দুবাইকে ট্রানজিট হিসেবে ব্যবহার করলেও এবার তা হচ্ছে না। তাতে বেকায়দায় পড়েছে জিম্বাবুয়ে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার মতো দলগুলো। তাদের মধ্যে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে ভারত ছেড়েছে। ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা পরশু ভারত ছাড়বে বলে জানা গেছে।