হোম > খেলা > ক্রিকেট

হারের দায় ইমন-সাইফকে দিলেন হৃদয়

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাইফ হাসান (বাঁয়ে) ও পারভেজ হোসেন ইমনের (ডানে) তৃতীয় উইকেটে ৩৬ বলে ৫৩ রানের জুটিতে জয়ের আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। ছবি: এএফপি

জয়ের দারুণ সম্ভাবনা ছিল বাংলাদেশের। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে দর্শকভর্তি গ্যালারি অপেক্ষায় ছিল জয়ের উৎসব করার। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে তাওহীদ হৃদয়-তানজিদ হাসান তামিমদের জয় ক্রীড়াপ্রেমীদের আনন্দ বাড়িয়ে দিত বহুগুণ। কিন্তু শেষের দিকের ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের।

সিরিজ বাঁচাতে আজ বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ১৯৭। একটা পর্যায়ে স্বাগতিকদের স্কোর ছিল ১২.৪ ওভারে ২ উইকেটে ১৩০ রান। হাতে ৮ উইকেট নিয়ে ৪৪ বলে ৬৭ রানের সমীকরণ মেলানো অসম্ভব কিছু তো নয়। উইকেটে ছিলেন দুই সেট ব্যাটার পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান। কিন্তু ১৩তম ওভারের পঞ্চম বলে ইমনকে ফিরিয়ে তৃতীয় উইকেটে তাঁদের (সাইফ-ইমন) জুটি ভেঙে ধাক্কা দিয়েছেন হার্ডি। ঠিক তার পরের ওভারে সাইফকে ফেরান জোয়েল ডেভিস।

সাইফ ও ইমন ৪২ ও ৩৬ রান করে আউট হওয়ার পর ধীরে ধীরে সমীকরণ জটিল হতে থাকে। শেষ পর্যন্ত ম্যাচ বাংলাদেশ হেরে যায় ৭ রানে। ইমন-সাইফ আরও একটু দায়িত্ব নিয়ে খেললে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলে মনে করেন টি-টোয়েন্টি অধিনায়ক তাওহীদ হৃদয়। ৭ রানে হারের পর হৃদয় বলেন, ‘হ্যাঁ, আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি। তবে কয়েকটা জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আমরা আসলে এ বিষয়েই (থিতু হয়ে শেষ না করে আসা) বলছি। যখন ব্যাটাররা (ইমন-সাইফ) সেট হয়ে যায়, তখন তাদের আরও বড় ইনিংস খেলতে হবে।’

ইমন-সাইফ ফেরার পর শামীম পাটোয়ারী ৮ বলে ৭ রান করে আউট হয়েছেন। আব্দুল গাফফার সাকলাইনও (১১ বলে ১৩*) যথেষ্ট সমর্থন দিতে পারেননি হৃদয়কে। শেষ তিন বলে ১৮ রানের সমীকরণ মেলাতে গিয়ে হৃদয় ছক্কা-চার মারলেও তা বাংলাদেশের হারের ব্যবধানই কমাতে পেরেছে। হৃদয় ২২ বলে ৩৫ রান করলেও বড্ড দেরিতে তাঁর ঘুম ভেঙেছে। প্রথম ১৬ বলে তিনি করেছিলেন ১৭ রান।

প্রথম দুই টি-টোয়েন্টি হেরে সিরিজ হারিয়ে বাংলাদেশকে এখন চোখ রাঙাচ্ছে ধবলধোলাই। আজ হারের পর হৃদয় বলেন, ‘এখন পর্যন্ত সবকিছু ভালোই হয়েছে। কিন্তু এ ধরনের ম্যাচ আমাদের জিততে হবে। তা না হলে আমাদের হারের হতাশা নিয়েই শেষ করতে হবে। শেষ ম্যাচের (তৃতীয় টি-টোয়েন্টি) আগে আমরা এটা নিয়ে কাজ করব।’

নিয়মিত টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তাওহীদ হৃদয়। এই হৃদয় কদিন আগে সহ অধিনায়কত্ব পেয়েছেন। লিটন ১৪ জুন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়ায় প্রথম দুই টি-টোয়েন্টিতে খেলেননি। পরশু চট্টগ্রামে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

পরীক্ষা-নিরীক্ষার নামে তামাশা বন্ধ হোক, বিসিবিকে ইমরুল

জয়ের আশা জাগিয়েও হারল বাংলাদেশ, সিরিজ অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে ১২ বছরের রেকর্ড ভাঙল অস্ট্রেলিয়া

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাংলাদেশের সামনে সিরিজ বাঁচানোর লড়াই

বাংলাদেশকে ৭৭ রানে থামিয়ে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া

আবারও সেই কনোলির ব্যাটেই ভুগল বাংলাদেশ

লিটন কেন নেই, ব্যাখ্যা দিল বিসিবি

অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশের ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ

লিটন নেই, অধিনায়ক হৃদয়, ব্যাটিংয়ে বাংলাদেশ