লড়াইটা হবে বাইশ গজে। বাংলাদেশ সফরে দুটি টেস্ট খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর এক দিন আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে নিজেদের পারফরম্যান্স, লক্ষ্য, আত্মবিশ্বাস নিয়ে কথা বলে গেছেন ড্যারেন স্যামি। অনেক কথার ভিড়ে বাংলাদেশের প্রতি ক্যারিবীয়দের ভালো লাগার বিষয়টিও আড়াল করেননি সফরকারী দলের কোচ।
বাংলাদেশে বেশ কিছু সাফল্য আছে ওয়েস্ট ইন্ডিজের। সেসবের জন্যই কি না, দলটির অনেক ক্রিকেটারদের কাছে বাংলাদেশ দ্বিতীয় পছন্দের দল বলে জানালেন স্যামি। তবে আবেগ একপাশে রেখে লড়াকু ক্রিকেট খেলার বার্তাও দিয়ে রাখলেন ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।
স্যামি বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশ এমন একটি দেশ, যা সবাই ভালোবাসে। কেবল আমি নই, পুরো দলই। ওয়েস্ট ইন্ডিয়ানদের অনেকের জন্যই দ্বিতীয় পছন্দের দল। আমার সেরা কিছু টি-টোয়েন্টি ম্যাচ এখানে হয়েছে, বাংলাদেশে হয়েছে। দারুণ কিছু সিরিজও খেলেছি তাদের সাথে। দুই দল যেভাবে খেলছে, ভালো লড়াই হবে আশা করছি। যাদের হাতে মোমেন্টাম থাকবে তারাই জিতবে। আমরাও এটাই করতে চাই।’
সাম্প্রতিক সময়গুলোতে টেস্টে দারুণ সময় পার করছে বাংলাদেশ। কাজটা যে তাই মোটেও সহজ হবে না, সেটা বুঝতে পারছেন স্যামি, ‘আমি এই সিরিজ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। বিশেষ করে বাংলাদেশের মতো একটি দলের বিপক্ষে, যাদের কিনা টেস্টে ঘরের মাঠে হারানো খুবই কঠিন। ব্যাপারটা তারা প্রমাণ করে দেখিয়েছে। সাথে চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রেও তারা ভালো পারফরম্যান্স দেখিয়েছে। আশা করছি সবাইকে বিনোদন দিতে পারব। তবে বিনোদন দিয়েও যেন ওয়েস্ট ইন্ডিজ জয়ী দল হিসেবে আসতে পারে।’
প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিতেছে বাংলাদেশ। ডারউইনের নাজুমল হোসেন শান্তদের সেই স্মরণীয় জয়ের কথা মনে করিয়ে স্যামি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো খেলেছে। তাদের ছেলেরা পারফর্মও করে যাচ্ছে। আমাদের অনেক ছেলেও এবার ভালো করছে। সিরিজ নিয়ে আমি অনেক এক্সাইটিং। ৫ দিনে ভালো ব্যাট-বলের লড়াই আশা করছি। দুই দলই চাইবে জিততে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ যেন জিততে পারে।’