২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দল সরকারের অনুমতিম পায়নি। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে গত ২০ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে ধুয়ে দিয়েছিলেন জাতীয় ক্রিকেট দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন। সেদিন সালাহ উদ্দীন জানিয়েছিলেন, বিশ্বকাপ না খেলতে পেরে দুই ক্রিকেটার কোমায় চলে গিয়েছিলেন।
মিরপুরে আগামীকাল বিসিএল ফাইনালে মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। ফাইনালের আগে আজ যখন মধ্যাঞ্চলের প্রতিনিধি হিসেবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছেন, তখন তাঁর কাছে এসেছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ। যে টি-টোয়েন্টি সংস্করণে বাংলাদেশ ২০২৫ সালে এত দুর্দান্ত খেলেছে, তারাই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারায় স্বাভাবিকভাবেই ক্রিকেটাররা হতাশ ছিলেন। সাইফ বলেন, ‘দেখুন সবাই আসলে (টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলা) মন খারাপ করেছে। এখানে অস্বীকার করার কিছু নেই। তবে পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের সেটা কাটিয়ে ওঠা জরুরি। সামনে যেহেতু ওয়ানডে খেলাতে ঢুকে যাচ্ছি, ওয়ানডে বিশ্বকাপ আছে, এটার জন্য যত তাড়াতাড়ি প্রস্তুতি নিতে পারি, আমাদের জন্য ভালো।’
বগুড়া-রাজশাহীতে তুলনামূলক ব্যাটিং-বান্ধব উইকেটে হলে বিসিএল ওয়ানডে ক্রিকেটের লিগ পর্ব। ব্যাটিংবান্ধব উইকেটে সাইফ করেছেন কেবল ৩৩ রান। যে মিরপুরে আগামীকাল ফাইনাল হবে, সেখানেই বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে। মিরপুরের উইকেট ধানখেতের উইকেট নামে পরিচিতি পেলেও সাইফ বিসিএল ফাইনালকে পাকিস্তান সিরিজের আগে শেষ সুযোগ দেখছেন। ২৭ বছর বয়সী এই ব্যাটার বলেন, ‘বগুড়া-রাজশাহীতে তো সাধারণত ভালো উইকেট থাকে। মিরপুরে কাল যেহেতু দিবারাত্রির ম্যাচ, আশা করি ভালো উইকেট থাকবে। একটা সিরিজের আগে যদি ম্যাচের অনুশীলন থাকে, ব্যাটার হিসেবে অবশ্যই ভালো একটা সুযোগ। ম্যাচ যেখানেই খেলি না কেন, শতভাগ দেওয়ার চেষ্টা করি।’
১১ থেকে ১৩ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ফলে বিসিএল ফাইনাল শেষ হওয়ার পর হাতে খুব একটা সময় নেই। সাইফের চাওয়া বিপিএল, অদম্য টি-টোয়েন্টি কাপে যেমন স্পোর্টিং উইকেটে খেলা হয়েছে, তেমন উইকেটেই হোক বাংলাদেশ-পাকিস্তান সিরিজ। তিনি আজ সংবাদমাধ্যমকে বলেন, ‘তখন কী উইকেট থাকবে জানি না। তবে সবশেষ যে টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলো খেললাম উইকেট ভালো ছিল। যদি সেরকম স্পোর্টিং উইকেট থাকে, ব্যাটার-বোলার উভয়েরই উপকার হবে।’
২০২৪ থেকে ২০২৫ পর্যন্ত বাংলাদেশ ৬ ওয়ানডে সিরিজ খেলে জিতেছে কেবল দুই সিরিজ। যার মধ্যে গত বছরের অক্টোবরে আবুধাবিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ ধবলধোলাই হয়েছে। যার প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ের ওপর। ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে অবস্থান করা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬।
সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ওয়ানডে র্যাঙ্কিংয়ের সেরা আটে থাকতে হবে। ৯ নম্বরে থাকলেও হবে। কারণ, বিশ্বকাপের এক আয়োজক দক্ষিণ আফ্রিকা পাঁচ নম্বরে অবস্থান করছে। সাইফের আশা পাকিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে স্বরূপে ফিরবে বাংলাদেশ। ২৭ বছর বয়সী এই ওপেনার বলেন, ‘গত এক বছর যদি বলেন, সবশেষ এক-দেড় বছর তেমন ওয়ানডে খেলার সুযোগ পাইনি। কিছু ওয়ানডে পেয়েছি। তাও টি-টোয়েন্টির মাঝখানে। এখন যে ওয়ানডে সিরিজ আছে, প্রস্তুতিটাই গুরুত্বপূর্ণ হবে। যে গ্যাপগুলো থাকবে, প্রস্তুতিতে সেগুলোই (চিন্তাভাবনা) থাকবে।’
ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা ও ইরানের পাল্টা আক্রমণে মধ্যপ্রাচ্যে অস্থির অবস্থা বিরাজ করছে। পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে পাকিস্তানি সংবাদ জিও সুপারের এক প্রতিবেদনে জানা গেছে। সূত্রের বরাতে জানা গেছে, ভ্রমণ নিয়ে অনিশ্চয়তা বা নিরাপত্তাজনিত ঝুঁকি না থাকলেই কেবল পাকিস্তান দল বাংলাদশ সফর করবে।