নতুন পরিচালনা পর্ষদ গঠিত হওয়ার পরই গত অক্টোবরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন তাঁরা প্রথমবারের মতো মাদ্রাসা ক্রিকেট চালু করবেন। আসিফ আকবরও আজ কথা বলেছেন এই বিষয়ে। আগামী মাস থেকে মাদ্রাসা ক্রিকেট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। নতুন দায়িত্ব নেওয়ার পরই তৃণমূল পর্যায়ে ক্রিকেট চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি। আজ আজকের পত্রিকার পডকাস্টে তিনি বলেন, ‘আমরা আগামী মাস থেকেই স্কুল ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট শুরু করে দেব। এরপর শুরু হয়ে যাবে আন্তবিশ্ববিদ্যালয় ক্রিকেট। আমাদের তো খেলোয়াড় ও কোচ আছে যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে। আফগানিস্তান, পাকিস্তান এমনকি ভারতেও দেখবেন মাদ্রাসার থেকে অনেক খেলোয়াড় উঠে আসছে। মাদ্রাসার বড় বড় মাঠও থাকে। তাদের বিনোদন কি শুধু হোস্টেলে বন্দী থাকা? আমরা চাচ্ছি ক্রিকেটটা বয়সভিত্তিক পর্যায়ে ছড়িয়ে দিতে। বাচ্চাদের পরীক্ষা থাকে তো সেগুলো আমরা দেখে সূচি ঘোষণা করব।’
গত বছরের অক্টোবরে নির্বাচনের পর বিসিবির বয়সভিত্তিক গ্রুপের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন আসিফ আকবর। সেই দায়িত্ব পাওয়ার অল্প সময়ের মধ্যেই (নভেম্বরে) জাহানারা আলম বিসিবির নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছিলেন। জাহানারার উত্থাপিত অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করে ফল আসতে প্রায় তিন মাস লেগেছে। পরশু বোর্ড সভার পর মঞ্জুকে আজীবন নিষিদ্ধ করেছে বিসিবি। দায়িত্ব পাওয়ার পরপরই জাহানারার এই ঘটনায় বিব্রতকর অবস্থায় পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন আসিফ আকবর।
জাহানারা ইস্যু টেনে আসিফ আকবর বলেন, ‘একটা বিচার প্রক্রিয়া তো সময় লাগে। এখন তো বিচার হলো। মঞ্জুকে বিসিবি নিষিদ্ধ ঘোষণা করল। কোনো মামলা যেহেতু হয়নি এটা বাকি সিদ্ধান্ত কোর্টের। যেহেতু মামলা হয়নি এটা আমাদের আলোচনার বিষয় না। তো এই ধরনের অহেতুক ঝামেলাগুলো আমরা পড়েছি।’
গত কয়েক দিনে সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা নিয়ে অনেক কথাবার্তা চলছে। আজ আসিফ আকবর জানিয়েছেন, সাকিবের ফাইল গেছে মন্ত্রণালয়ে। পাকিস্তান সিরিজ দিয়ে সাকিবের ফেরার সম্ভাবনা আরও একটু জোরালো হলো। ১১, ১৩ ও ১৫ মার্চ হবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।