হোম > খেলা > ক্রিকেট

দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের সঙ্গেই পেরে উঠল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

সাইফ হাসান, লিটন দাসের ৯৩ রানের জুটি ছাড়া বলার মতো কিছু নেই বাংলাদেশের ইনিংসে। ছবি: বিসিবি

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে দেখতে গ্যালারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানসহ বিশেষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের সামনে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের অধীনে বাংলাদেশের মাঠের লড়াইয়ের শুরুটা হলো হার দিয়ে। তা-ও দ্বিতীয় সারির নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৪৭ রানে নিউজিল্যান্ডকে বেঁধে ফেলে জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ, তবে ব্যাটারদের ব্যর্থতায় ২৬ রানে হেরেছে স্বাগতিকেরা।

আইপিএল এবং পিএসএলের ব্যস্ততার কারণে প্রথম সারির ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশে আসতে পারেনি নিউজিল্যান্ড। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সফরকারীদের নিয়ে সতর্ক ছিলেন। গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্রদের মতো তারকা ক্রিকেটারহীন নিউজিল্যান্ড আজ জিতেছে হেসেখেলে। ২৬ রানে জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।

২৪৮ রানের লক্ষ্যে নামা বাংলাদেশ ৩.২ ওভারে ২ উইকেটে ২১ রানে পরিণত হয়। চতুর্থ ওভারের প্রথম ও দ্বিতীয় বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর উইকেট নেন নিউজিল্যান্ডের পেসার নাথান স্মিথ। দুটি উইকেটই বোল্ড। হ্যাটট্রিক বলের মোকাবিলা করতে চার নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন দাস। তবে স্মিথ পারেননি হ্যাটট্রিক করতে।

দ্রুত ২ উইকেট পড়ার পর বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন দাস ও সাইফ হাসান। লিটনের সঙ্গে তৃতীয় উইকেটে ১১৬ বলে ৯৩ রানের জুটি গড়তে অবদান রেখেছেন সাইফ। ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিতে সাইফের লেগেছে ৫৯ বল। যেখানে ১৯তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে জশ ক্লার্কসনকে হ্যাটট্রিক চার মারেন সাইফ। ক্লার্কসনের করা সেই ওভারের তৃতীয় বলটি ছিল ওয়াইড। সাবলীল ব্যাটিং করতে থাকা সাইফ ৭৬ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫৭ রান করে আউট হয়েছেন। ২৩তম ওভারের তৃতীয় বলে উইলিয়াম ও’রুর্কের শর্ট বলে কী করবেন বুঝে উঠতে না পেরে ক্রস ব্যাটে চালিয়ে দিয়েছেন সাইফ। মিড অনে ক্লার্কসন সহজ ক্যাচ তালুবন্দী করেন।

সাইফের বিদায়ের পর উইকেটে আসেন তাওহীদ হৃদয়। এক প্রান্ত আগলে থাকা হৃদয় আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। ৬০ বলে দুটি করে চার ও ছক্কা মেরে ৫৫ রান করেন তিনি। ৪৯তম ওভারের তৃতীয় বলে নাথান স্মিথের অফস্টাম্পের অনেক বাইরের বল লেগসাইডে ঘোরাতে যান হৃদয়। ডাইভ দিয়ে দুর্দান্ত ক্যাচ ধরে বাংলাদেশের ইনিংসের ইতি টানেন হেনরি নিকোলস। ১০৮ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৪৮.৩ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। সাইফের ৫৭ রানই বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ স্কোর। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ১০ ওভারে ৪০ রানে নিয়েছেন ৪ উইকেট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। ধীরস্থির গতিতে শুরু করে কিউইরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে করেছে ২৪৭ রান। হেনরি নিকোলস ও ডিন ফক্সক্রফট করেন ৬৮ ও ৫৯ রান। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ নিয়েছেন দুটি করে উইকেট। যাঁদের মধ্যে শরীফুল ১০ ওভারে খরচ করেন ২৭ রান। দিয়েছেন ২ ওভার মেডেন। একটি করে উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও নাহিদ রানা।

‘বি, সি দল নয়, আমার কাছে এটাই নিউজিল্যান্ডের আসল দল’

এই নিউজিল্যান্ডের বিপক্ষেও কেন ২৪৮ রান করতে পারল না বাংলাদেশ

বুমরার কোথায় সমস্যা

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২৮ মাস পর নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড