হোম > খেলা > ক্রিকেট

‘বাংলাদেশের কাছে পাকিস্তানের এমন ভরাডুবি হবে, আগেই জানতাম’

ক্রীড়া ডেস্ক    

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অসাধারণ বোলিং, ব্যাটিংয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তান স্রেফ উড়ে গেছে। বাজে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা রীতিমতো ধুয়ে দিচ্ছেন মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদিদের। আহমেদ শেহজাদ সিরিজের দল নির্বাচন নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কাঠগড়ায় তুলেছেন।

বাংলাদেশের বিপক্ষে বাবর আজম-সাইম আইয়ুবদের বাদ দিয়ে ছয় নতুন ক্রিকেটার নিয়ে দল ঘোষণার পরই বিপাকে পিসিবি। বিশেষ করে, যে বাবর সবশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন, তিনি বাংলাদেশ সিরিজে না থাকায় কড়া সমালোচনা হয়েছে। তাঁর মতো অভিজ্ঞ ক্রিকেটারের অভাব পাকিস্তান হাড়ে হাড়ে টের পেয়েছে বলে মনে করেন শেহজাদ। মিরপুরে গতকাল বাংলাদেশের কাছে ৮ উইকেটে হারের পর গতকাল নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘আগেই আপনাদের সতর্ক করেছিলাম বাংলাদেশ নিজেদের মাঠে কী করতে পারে। মাঝের ওভারগুলোতে বাবর আজমের থাকা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কিন্তু সব সময়ের মতোই ব্যাপারটা একই-সবই তো আপনাদের জানা।’

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ নয়। পাকিস্তান সদ্য সমাপ্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে ওঠার আশা জাগিয়েও সুপার এইটে বিদায় নিয়েছে। বাংলাদেশ তো এই বিশ্বকাপে খেলতেই পারেনি। তা ছাড়া সাদা বলের আরেক সংস্করণ ওয়ানডেতেও তাদের অবস্থা ভালো নয়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সাত ওয়ানডে সিরিজ খেলে কেবল দুটিতে জিতেছে বাংলাদেশ। এই সিরিজ দুটিও তারা জিতেছে ঘরের মাঠে।

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজের দলে একঝাঁক পরিবর্তন আনে পাকিস্তান। যেখানে ছয় নতুন ক্রিকেটারের মধ্যে চার ক্রিকেটারের অভিষেক হয়েছে গতকাল। অভিষিক্তদের মধ্যে ফারহান যা একটু খেলেছেন। মাজ সাদাকাত, শামাইল হোসেন, আবদুল সামাদরা বলার মতো কিছুই করতে পারেননি। ১০০ ওভারের একটা ম্যাচে এক ইনিংসেরও সমান খেলা হয়নি। পাকিস্তান ৩০.৪ ওভারে ১১৪ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলাদেশ জয়ের বন্দরে পৌঁছে যায় ১৫.১ ওভারে।

শেহজাদের মতে বাংলাদেশ সিরিজের দল নির্বাচনেই পিসিবি বড় ভুল করেছে। ৩৪ বছর বয়সী পাকিস্তানের এই ওপেনার এক্সে লেখেন, ‘সবচেয়ে খারাপ বিশ্বকাপের পর পাকিস্তানের দরকার ছিল সেরা দল নির্বাচন করা। কিন্তু কী হলো? আবারও সেই একই পদ্ধতি — ডজন ডজন তরুণ ক্রিকেটার নিয়ে আসা, সবচেয়ে খারাপ কম্বিনেশনে তাদের খেলানো, তাদের অপমানিত করা, তারপর আবার সেই প্রমাণিত ব্যর্থ খেলোয়াড়দের ফিরিয়ে আনা। এই বর্তমান সেটআপে আশা হওয়ার মতো কিছুই নেই।’

বাংলাদেশের বিপক্ষে অভিষিক্ত ক্রিকেটাররা ব্যর্থ হলেও নতুনদের দায় দিচ্ছেন না মোহাম্মদ আমির। তিনিও নির্বাচকদের কাঠগড়ায় তুলেছেন। প্রথম ওয়ানডেতে ২০৯ বল হাতে রেখে ৮ উইকেটে জয়ী বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পাকিস্তানের সাবেক বাঁহাতি পেসার। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের অপর দুই ওয়ানডে হবে আগামীকাল ও রোববার। মিরপুরে এই দুই ম্যাচও বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে।

টেস্টের ১৫০ বছর পূর্তির ম্যাচে থাকছেন এক বিশেষ অতিথি

বিপিএলে রেকর্ড বোলিংয়ে বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন

আইসিসির শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ও দুই কর্মকর্তা

পাকিস্তানকে কাঁপিয়ে দেওয়া রানাকে নিয়ে আইসিসির পোস্ট

পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা

‘পাকিস্তানকে মজা করে পিটিয়েছে বাংলাদেশ’

ওয়াকারের পরামর্শ কতটা কাজে দিচ্ছে রানার

নারী বিপিএল ৩ মাস পেছাল বিসিবি

নাহিদ রানার প্রশংসায় পাকিস্তান কোচ

শোয়েব আখতার-মাশরাফিদের মতো কোনো ‘এক্সপ্রেস’ নাম চান না রানা