আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
বিসিবি নিয়ে আইসিসির প্রতিনিধিদল প্রতিবেদন জমা দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা আজ এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। আইসিসি বলেছে, ‘আইসিসির দুই সদস্যের একটি প্রতিনিধিদল, যার সদস্য ছিলেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ এস মোসাজে (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গওয়া মুখুহলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। সফরের উদ্দেশ্য ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক বিভিন্ন উন্নয়ন পর্যালোচনা করা এবং এ বিষয়ে সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করা। প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের পর্যবেক্ষণ ও অনুসন্ধানের ফলাফল আইসিসি বোর্ডের কাছে জমা দেবে। এ বিষয়ে তারা সংবাদমাধ্যমে কোনো মন্তব্য করবে না।’
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবালের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ৩১ মে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ৭ জুন হতে যাওয়া বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন পর্যবেক্ষণ করতে ঢাকায় গত পরশু আসার কথা আইসিসির প্রতিনিধিদলের। ড. মোহাম্মদ এ এস মোসাজে ও তাভেংওয়া মুকুলানি ঢাকায় এসে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে তথ্য নিয়েছে। তবে বিসিবির নির্বাচন পর্যবেক্ষণ করতে যে তারা আসেনি, সেট বোঝাই যাচ্ছে।
গত পরশু ঢাকার এক হোটেলে এম নাজমুল ইসলাম, আহসান ইকবাল চৌধুরী জামান, আসিফ আকবর, মোহাম্মদ হাসানুজ্জামান—আগের বোর্ডের এই চার পরিচালক সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টা ধরে কথা বলেছেন আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোসাজে ও ড. তাভেংওয়া মুকুলানির সঙ্গে। যাঁদের মধ্যে মোসাজে আইসিসি বোর্ড পরিচালক ও মুকুলানি জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) চেয়ারম্যান। পরশু আইসিসির প্রতিনিধিদল এসে তাঁদের কাছ থেকে কী তথ্য নিয়েছে, সেটি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুলরা।
আগের বোর্ডের পরিচালকেরা আইসিসির কাছে দাবি জানিয়েছেন, তাঁদের অভিযোগ ও আইনি যুক্তিগুলো যথাযথ বিবেচনা করতে এবং অ্যাডহক কমিটির অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনকে স্বীকৃতি না দিতে। স্পষ্ট করে জানিয়ে দিতে হবে যে বাংলাদেশে অবস্থানরত আইসিসি প্রতিনিধিদল নির্বাচন পর্যবেক্ষক নয়।
৭ এপ্রিল বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) অ্যাডহক কমিটি গঠন করে। এমনকি এবার নির্বাচনের অনেক আগেই অনেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।