সমালোচনা, অবহেলার জবাব দিতে হয় এভাবেই। যেভাবে সালমান আলী আগা পাকিস্তান দল থেকে বাদ পড়লেন, তা অবাক করার মতোই। কিন্তু তিনি যে ভিন্ন গল্প লেখার পরিকল্পনা করেছিলেন। ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা এই ক্রিকেটার পরবর্তীতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভিডিওবার্তায় দিয়েছেন জবাবও।
সালমানকে ইংল্যান্ড সিরিজ চলার সময়ই নাটকীয়ভাবে বাদ দেওয়া হয়। হেডিংলিতে প্রথম টেস্টে বাবর আজমের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেন সালমান। এরপর লর্ডসে দ্বিতীয় টেস্টে বাবর ফিরেছেন অধিনায়ক হয়ে। এই টেস্টে একাদশ থেকেই বাদ পড়েন সালমান। পরবর্তীতে এজবাস্টন টেস্টের আগে যে সাত ক্রিকেটারকে পাকিস্তানে পাঠানো হয়েছিল, তাঁদেরই একজন ছিলেন সালমান।
পাকিস্তান দল থেকে আকস্মিক বাদ পড়া সালমান ঘরোয়া প্রেসিডেন্টস ট্রফি গ্রেড ওয়ান টুর্নামেন্টে হায়দরাবাদ কিংসমেন একাডেমির হয়ে খেলেছেন। মারখোর আইটি সলিউশনসের বিপক্ষে ৩৩৬ বলে ৪২ চার ও ৬ ছক্কায় ৩০০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। ট্রিপল সেঞ্চুরি করে পিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘একজন আন্তর্জাতিক ক্রিকেটারের জন্য ঘরোয়া ক্রিকেট খেলা খুবই গুরুত্বপূর্ণ। আমার মতে সুযোগ পেলে সবারই ঘরোয়া ক্রিকেটে খেলা উচিত। আমি নিজেও সেটাই করি। ঘরোয়া ক্রিকেটে ফিরতে পেরে খুব ভালো লাগছে।’
সালমানের ট্রিপল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৫৬৫ রান করে ইনিংস ঘোষণা করে হায়দরাবাদ কিংসমেন একাডেমি। দলকে রানের পাহাড়ে তুলতে যে ট্রিপল সেঞ্চুরি করেছেন, সেটা উৎসর্গ করেছেন পরিবারকে। পিসিবির ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই ইনিংসটি পরিবারকে উৎসর্গ করছি। আমার ফর্ম ভালো যাচ্ছিল না। সময়টা বেশ কঠিন ছিল। ইনিংসটি তাই আমি তাদের উৎসর্গ করছি।’
মে মাসে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজে চার ইনিংসেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন সালমান। দুটি ফিফটিও করেন। পাকিস্তানও সেই সিরিজে ধবলধোলাই হয়েছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ড্র করলেও সালমানের পারফরম্যান্স নিম্নগামী। তিন ইনিংস মিলিয়ে করেন ২০ রান। দুইবার আউট হয়েছেন শূন্য রানে। আর হেডিংলি টেস্টে করেছেন ২৫ রান।
সালমানের মতে ফর্মে ফেরার সঠিক মঞ্চ ঘরোয়া ক্রিকেট। এখানে পারফর্ম করেই সেটা আন্তর্জাতিক ক্রিকেটে দেখানো উচিত বলে মনে করেন তিনি। পিসিবির ভিডিও বার্তায় ৩২ বছর বয়সী অলরাউন্ডার বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকটি সিরিজে আমার ফর্ম আশানুরূপ ছিল না। ফর্ম ফিরে পেতে সেটা খুবই সহায়ক হতে পারে। নিচের ব্যাটিংয়েও পরিবর্তন এনেছি। যেটা আমাকে অনেক সহায়তা করেছে। খুবই আনন্দিত আমি। কারণ, এ ধরনের মাইলফলক জীবনে একবারই আসে।’
সালমানের ট্রিপল সেঞ্চুরিতে রান পাহাড়ে চড়া হায়দরাবাদ কিংসমেন একাডেমি অনেকটাই এগিয়ে। আজ তিন দিনের খেলা শেষে মারখোর আইটি সলিউশনস ৩ উইকেটে করেছে ১৭৯ রান। আগামীকাল শেষ দিনে খেলতে নামবে হায়দরাবাদ কিংসমেন একাডেমি-মারখোর আইটি সলিউশনস। এদিকে ইংল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর স্লো ওভার রেটের শাস্তিও পেয়েছে। ১১ পয়েন্ট কেড়ে নেওয়ার পর পাকিস্তানের পয়েন্ট এখন ৫। ৪.৬৩ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে ৯ নম্বরে এখন এশিয়ার এই দল।