হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে দুটি ম্যাচেই হেরেছে নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ। হতাশার মাঝেও বাংলাদেশের নারী ক্রিকেটারদের সুখবর দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। র্যাঙ্কিংয়ে এগিয়েছেন জ্যোতি-স্বর্ণা আক্তাররা।
স্কটল্যান্ড, নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অধিনায়কের মতো খেললেও জ্যোতি দলকে জেতাতে পারছেন না। তবে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি তিনি পেয়েছেন আইসিসির কাছ থেকে। নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিং আজ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা হালনাগাদ করলে দেখা যায়, টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন জ্যোতি। তাঁর রেটিং পয়েন্ট ৫৯৭। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ মিলিয়ে করেছেন ১৮১ রান। দুটি ফিফটিও রয়েছে এই সিরিজে।
জ্যোতির মতো র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্বর্ণা আক্তার, সোবহানা মোস্তারিরও। টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন স্বর্ণা আক্তার। তাঁর রেটিং পয়েন্ট ৪০৮। এক ধাপ এগিয়ে র্যাঙ্কিংয়ের ৪৬ নম্বর ব্যাটার সোবহানা। তাঁর রেটিং পয়েন্ট ৪৭৩। বাংলাদেশ-স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে করেছেন ৬৯ ও ৫২ রান।
স্বর্ণা-জ্যোতিরা এগোলেও পিছিয়েছেন তাঁদের সতীর্থরা। ৯ ধাপ পিছিয়ে এখন টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৪৭ নম্বরে অবস্থান করছেন শারমিন আক্তার সুপ্তা। দিলারা আক্তার অবস্থান করছেন ৫৮ নম্বরে দিলারা। তিনি পিছিয়েছেন দুই ধাপ।
৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার জর্জিয়া ভোল। দুই ও তিনে অবস্থান করা অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার লরা ভলভার্টের রেটিং পয়েন্ট ৭৮৮ ও ৭৮৬। সেরা দশ পর্যন্ত অবস্থান অপরিবর্তিত। চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠে এসেছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সমান ৬৪৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে ১১ নম্বরে দুই ভারতীয় জেমিমা ও হারমানপ্রীত কৌর। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে হারমানপ্রীতের নেতৃত্বেই খেলবে ভারত।
স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ উইকেট ও ৮ রানে হারে বাংলাদেশ। আজ ত্রিদেশীয় সিরিজে ফিরতি দেখায় টস জিতে আগে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৫২ রান করে জ্যোতির দল। অধিনায়ক জ্যোতির ৫৮ রান বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেন সোবহানা।