হোম > খেলা > ক্রিকেট

রাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঘূর্ণিজাদুতে কাঁপিয়েছেন নাসুম আহমেদ। ছবি: বিসিবি

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় ব্যাট হাতে প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন এস এম মেহেরব। রাজশাহীর এই ব্যাটারের ১০১ রানের ইনিংসে তাঁর দল প্রথম ইনিংসে করেছে ২৩১ রান। বল হাতে একই দিনে নজর কেড়েছেন সিলেটের নাসুম আহমেদ। বাঁহাতি স্পিনে চট্টগ্রামের ইনিংস গুটিয়ে দিয়ে পেয়েছেন ৫ উইকেট।

এদিকে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অবশ্য এখনো শুরু করা যায়নি বরিশাল-ঢাকা ম্যাচ। গত দুই দিন রাজশাহীতে বৃষ্টি না হলেও মাঠ খেলার উপযোগী হয়নি। স্টেডিয়ামের কিউরেটর গোলাম রসুল জানিয়েছেন, বৃষ্টির পর মাটিতে কাদা জমে থাকায় তা শুকাতে সময় লাগছে। ক্রিকেটারদের চোটের ঝুঁকি বিবেচনায় আম্পায়াররা খেলা শুরুর অনুমতি দিচ্ছেন না। আগামীকাল দুপুরে খেলা শুরু হতে পারে। তবে সময় এখনো নিশ্চিত নয়।

রাজশাহী বিভাগের বিপক্ষে আগে ব্যাট করে ২৩১ রানে অলআউট হয় রংপুর। বগুড়ায় দিনের খেলা শুরু হওয়ার সময় ৮২ রানে অপরাজিত ছিলেন মেহেরব। অপেক্ষা ছিল প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম সেঞ্চুরির। শেষ পর্যন্ত ১০১ রান করে মেহেদী হাসানের বলে বোল্ড হন তিনি। রংপুরের এই ডানহাতি পেসার ৪ উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ২৩১ রান তুলেছে রংপুর। ৫৯ রানে অপরাজিত থাকা ওপেনার অনিক সরকারের সঙ্গে ৪৫ রানে ব্যাট করছেন ইকবাল হোসেন।

চট্টগ্রামের বিপক্ষে নাসুমের পাঁচ উইকেট সিলেটকে এনে দিয়েছে বড় ব্যবধানের লিডের সুযোগ। ঘরের মাঠে আগের দিনের ১ উইকেটে ৬১ রান নিয়ে খেলতে নেমে চট্টগ্রাম অলআউট হয়েছে ২১০ রানে। ৮২ রান করে দলের সর্বোচ্চ স্কোরার ওপেনার মাহমুদুল হাসান। নাসুমের এটি প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩তম পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৮৯ রান করেছে সিলেট। জাকির হাসান ৩৫ ও মুবিন আহমেদ ১০ রান করে ফিরেছেন।

খুলনার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ময়মনসিংহ। নুরুল হাসান ও মোহাম্মদ মিঠুনের সেঞ্চুরিতে ২৮৮ রান করা খুলনার জবাবে ১০৮ রানে গুটিয়ে গেছে ময়মনসিংহ। ফলে ফলোঅনে পড়েছে দলটি। ক্র্যাম্পের কারণে ১৮ রান করে মাঠ ছাড়তে হয়েছে মোসাদ্দেক হোসেনকে। ঘরের মাঠে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া ইয়াসিন আরাফাত খুলনার ইনিংসেও পেয়েছেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে দিন শেষ হওয়ার আগে ২ উইকেট হারিয়ে ৫৭ রান করেছে ময়মনসিংহ। ২৫ রানে মাহফিজুল ইসলাম ও শূন্য রানে মুনিম শাহরিয়ার অপরাজিত আছেন।

বাংলাদেশকে ধবলধোলাইয়ের হুমকি ওয়েস্ট ইন্ডিজের

ব্যর্থ সাকিবের ক্যারিয়ারসেরা বোলিং, জিতলেন সাইফরা

বাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক

বাংলাদেশকে হারানো ওয়েস্ট ইন্ডিজ ভুগছে অর্থকষ্টে

ভরাডুবির পর বড় পরিবর্তনের পথে হাঁটছে অস্ট্রেলিয়া

হেনস্তা করায় খেপেছেন ভারতীয় ক্রিকেটারের প্রেমিকা

এবারও ভারতকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড

সিরিজ হেরে ওয়ার্নারের কাঠগড়ায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, কেমন করল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে বাংলাদেশের অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা