হোম > খেলা > ক্রিকেট

মিরাজ-তাইজুলের জোড়া আঘাতের পরও স্বস্তিতে নেই বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

চতুর্থ দিনের লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের ২ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেটের উইকেট মিরপুরের মতো স্পিনবান্ধব নয়। তবে তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা দেখাচ্ছেন তাঁদের স্পিন ভেলকি। হাত খুলে না খেলে বরং রক্ষণাত্মক ক্রিকেট খেলছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা। সেই সুযোগটাই দারুণভাবে কাজে লাগাচ্ছেন বাংলাদেশের স্পিনাররা।

তাওহীদ হৃদয়ের ২৪২ রানের অতিমানবীয় ইনিংসে গতকাল ৩০ রানের লিড পায় বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতা নিয়মিত চিত্র হলেও স্বাগতিকেরা এবার দুর্দান্ত ব্যাটিং করেছে। আজ ওয়েস্ট ইন্ডিজের দুটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন তাইজুল-মিরাজ। চতুর্থ দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৩৪ ওভারে ২ উইকেটে করেছে ১২৮ রান। তবে সফরকারীদের লিড ৯৮ রানের।

দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে বিনা উইকেটে ৭ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় দুই ওপেনার জশুয়া ডা সিলভা, ব্র্যান্ডন কিং সাবধানী ব্যাটিং করতে থাকেন। ৮৫ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২২তম ওভারের দ্বিতীয় বলে সিলভাকে (৩০) এলবিডব্লু করেন তাইজুল।

দ্রুতই আরেক ওপেনারকে হারাতে বসে ওয়েস্ট ইন্ডিজ। ২৬তম ওভারের প্রথম বলে তাইজুলকে সজোরে কাভার ড্রাইভ করেন কিং। তবে বল এত দ্রুত এসেছে যে তাওহীদ হৃদয় বল তালুবন্দী করার সময়ই পাননি। এরপর তিন নম্বরে নামা কাভেম হজ বেঁচে যান রিভিউ নিয়ে। ২৬তম ওভারের পঞ্চম বলে মিরাজকে ডিফেন্ড করতে গিয়ে হজ বল তুলে দেন হাওয়ায়। ফরোয়ার্ড শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ক্যাচ ধরার পর আম্পায়ার দ্রুত আঙুল তুলে দেন। তবে হজ রিভিউ নিলে দেখা যায় যে বল তাঁর ব্যাট কিংবা গ্লাভসে স্পর্শ না করে শুধুই প্যাডে লেগেছে।

হজ যখন বেঁচে যান, তখন তাঁর রান ১৬। যদিও সে যাত্রায় এলবিডব্লু যাচাই করা হয়নি। তবে দ্বিতীয় উইকেটে হজ-কিংয়ের জুটিতে কেবল ৩৪ রান এসেছে। ৩১তম ওভারের প্রথম বলে কিংকে ফেরান মিরাজ। কিংয়ের ব্যাটের কানায় লাগা বল ক্ষিপ্রতার সঙ্গে প্রথম স্লিপে তালুবন্দী করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৮৪ বলে ১০ চার ও ১ ছক্কায় ৬১ রান করেন কিং। তিনি যখন বিদায় নেন, তখন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩০.৫ ওভারে ২ উইকেটে ১১৯ রান। চার নম্বরে নামা কেভিন উইকহাম ৭ বল খেলে এখনো রানের খাতা খুলতে পারেননি। আর বেঁচে যাওয়ার পর হজ একটা ছক্কা মেরেছেন। ৪৪ বলে ৩০ রানে ব্যাটিং করছেন তিনি।

শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর গল্প হৃদয়ের কাছেই শুনতে বললেন কোচ

সিলেটে বাংলাদেশের হৃদয়ছোঁয়া দিন

ব্যর্থতার দিনেও রেকর্ড গড়লেন কোহলি

হৃদয় ২৪২, বাকিরা ১৪৪

ডাবল সেঞ্চুরিতে সবার ওপরে হৃদয়

হৃদয়ের হৃদয়কাড়া ডাবল সেঞ্চুরি

সেঞ্চুরির পর হৃদয়ের ১৫০

সেঞ্চুরিতে জবাব দিলেন হৃদয়

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একা লড়ছেন হৃদয়