রোস্টন চেজের করা ৬৭তম ওভারের প্রথম বলে ১ রান নিয়েই হেলমেট-ব্যাট উঁচিয়ে ধরলেন তাওহীদ হৃদয়। এরপর সিজদায় লুটিয়ে পড়লেন ক্রিজে। এই রান নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তিনি।
ব্যাট হাতে যেন মোক্ষম জবাবটাই দিলেন হৃদয়। টেস্ট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠার পর সিলেটেই দারুণ এক সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মিরপুর টেস্টের দুই ইনিংসেই বাজে শটে আউট হয়ে সমালোচনার তীরে বিদ্ধ হয়েছিলেন। এবার সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতেই।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে অলআউটের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৭ উইকেটে তাদের সংগ্রহ ২০৫ রান। এখনো ১৫১ রানে পিছিয়ে বাংলাদেশ।
গতকাল ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনেই ৪ উইকেট হারিয়ে অস্বস্তিতে বাংলাদেশ। হতাশার মাঝে স্বস্তি বলতে কেবল হৃদয়ের সেঞ্চুরি। ১৭১ বলে ১১ চার ও ১ ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।
৫১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৭৩ রান যোগ করেন হৃদয়। এই জুটিতেই ফিফটির দেখা পান। ৩৪ রানে মুশফিক বিদায় নিলে অল্প সময়ের ব্যবধানে লিটন দাসকেও হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আরও ৪১ রান এনে দেন হৃদয়। মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের দারুণ এক ক্যাচে ফিরলে জুটি ভাঙে। এরপর দলীয় ১৮৪ রানে হাসান মাহমুদ ফিরলে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ।