হাসান মাহমুদের করা ৯০তম ওভারের প্রথম বলে জশুয়া বিশপকে স্টাম্পিং করেন লিটন দাস। ইনিংসে সেটা ছিল হাসানের পঞ্চম উইকেট। এই উইকেট নিয়ে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি পাঁচবার ৫ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন তিনি।
সিলেট টেস্টে নামার আগে চারবার ৫ উইকেট নিয়ে শাহাদাত হোসেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসান। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ বোলিং করে এককভাবে রেকর্ডটি নিজের দখলে নিলেন তিনি।
চারবার ৫ উইকেট নিতে ৩৮ টেস্ট খেলছেন শাহাদাত। ১৯তম টেস্টেই তাঁকে ছাড়িয়ে গেলেন হাসান। রেকর্ড গড়ার পথে সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে তাঁর শিকার ৬ উইকেট।
তিন এবং চারে আছেন নাহিদ রানা ও রবিউল ইসলাম। দুজনেই দুবার করে ৫ উইকেটের দেখা পেয়েছেন। এ ছাড়া একবার করে ফাইফারের স্বাদ পেয়েছেন ইবাদত হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, শরীফুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম।
ভিন্ন পাঁচ দেশে এই ৫ ফাইফারের দেখা পেয়েছেন হাসান। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার ৫ উইকেট নেন। এরপর ভারতের বিপক্ষে চেন্নাইয়ে, ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এবং সবশেষ সিলেট টেস্টে ফাইফারের স্বাদ পেলেন হাসান।