হোম > খেলা > ফুটবল

বার্সেলোনার গোল বাতিল করতে এত দীর্ঘ সময় কেন লাগল

ক্রীড়া ডেস্ক    

পাও কুবারসি ৫২ মিনিটে গোল করে ব্যবধান কমালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ছবি: এএফপি

কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে পাত্তাই পায়নি বার্সেলোনা। ৪-০ গোলে হারই বলে দিচ্ছে অনেক কিছু। সবেধন নীলমণি হয়ে যে গোলটি বার্সা পেয়েছিল, সেটা বাতিল করতে দীর্ঘ সময় লেগেছে।

ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে গত রাতে আতলেতিকোর কাছে প্রথমার্ধেই ৪ গোল হজম করে বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার অল্প সময়ের মধ্যেই ব্যবধান কমায় বার্সা। তবে ৫২ মিনিটে বার্সা ডিফেন্ডার পাও কুবারসির গোল বাতিল হয়েছে অফসাইডের কারণে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিডিও) মাধ্যমে এই গোল বাতিল করতে লেগেছে প্রায় ৮ মিনিট। প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে অনেক কিছুই যখন তাড়াতাড়ি হয়ে যায়, সেখানে কুবারসির গোল বাতিলের সিদ্ধান্ত এত দেরিতে দেওয়াটা অবাক করার মতোই।

কুবারসির গোল বাতিলের সিদ্ধান্ত দেরিতে আসার ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে। পরবর্তীতে এর ব্যাখ্যা দিয়েছে রেফারিদের টেকনিক্যাল কমিটি (সিটিএ)। স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর বরাতে সিটিএ বলেছে, ‘বার্সেলোনার একটা গোল বাতিল হয়েছে। ভিএআর টিম সেমি অটোমেটেড অফসাইড সিস্টেমের মাধ্যমে যাচাই করে দেখেছে। কঙ্কালের মাধ্যমে যে বিশ্লেষণ করা হয়, তাতে এই সিস্টেমে ঝামেলা দেখা গেছে। প্রতিষ্ঠিত মডেলিং সিস্টেম দিয়ে বারবার চেষ্টা করার পরও দেখা গেছে এটা সম্ভব নয়। ভিএআর টিমকে তখন নিজ দায়িত্ব থেকে অফসাইড লাইন টেনে কাজ করতে হয়েছে। যার ফলে রিভিউ করতে গিয়ে সাধারণের চেয়ে অনেক বেশি সময় লেগেছে।’

গত রাতে খেলা শুরুর অল্প সময় পরই গোল উপহার পেয়ে যায় আতলেতিকো মাদ্রিদ। ৭ মিনিটে আত্মঘাতী গোল করেন বার্সেলোনা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১৪ ও ৩৩ মিনিটে আতোঁয়া গ্রিজমান ও আতেমোলা লুকমানের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগমুহূর্তে ব্যবধান বাড়িয়ে নেয় বার্সেলোনা। ৪৫ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে গোলটি করেন হুলিয়ান আলভারেজ। তাঁকে গোল করতে সহায়তা করেন লুকমান। ৩৩ মিনিটে লুকমান যে গোলটি করেছিলেন, তা আলভারেজের অ্যাসিস্টেই হয়েছিল।

আতলেতিকোর কাছে হারটা বার্সেলোনার জন্য অনেক বড় শিক্ষা মনে করেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা আসলে দল হিসেবেই খেলিনি। খেলোয়াড়দের মধ্যে দূরত্ব অনেক বেশি ছিল। প্রথম ৪৫ মিনিটে আমরা বড় শিক্ষা পেয়েছি।’ কুবারসির গোলে বার্সা ম্যাচে ফেরার ইঙ্গিত দিলেও অফসাইড জটিলতায় গোল বাতিল করতে ভিএআর প্রযুক্তির লেগেছে প্রায় ৮ মিনিট। এটা নিয়ে যখন এত কথাবার্তা চলছে, স্বাভাবিকভাবেই এমন প্রশ্ন করা হয়েছে ফ্লিকের কাছে। বার্সা কোচ বলেন, ‘আমার মতে এখানে তালগোল পাকানো হয়েছে। তাদের ৭ মিনিট লেগেছে সমস্যার সমাধান করতে।’

ফাইনালে উঠতে এখন বার্সেলোনাকে কমপক্ষে ৫ গোলের ব্যবধানে জিততে হবে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। কোপা দেল রের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩ মার্চ রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ। এই ম্যাচটি হবে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে।

১২ বছর পর বিশ্বকাপে ফিরে এক ম্যাচেই গল্প শেষ জিম্বাবুয়ের তারকা ক্রিকেটারের

ভারত-ম্যাচে আম্পায়ারের সঙ্গে নামিবিয়ার অধিনায়কের কথা-কাটাকাটির কারণ তাহলে এই

মেয়েদের লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণারা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছরের অপেক্ষা কি ফুরাবে জিম্বাবুয়ের

ভারতের অপেক্ষায় প্রত্যয়ী পাকিস্তান

নেপালকে হারিয়ে ইতালির অঘটন

সন্তানদের সঙ্গে ভোট দিলেন আশরাফুল, মারুফা-আকবরদের প্রথম ভোট

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ভারতীয় ক্রিকেটার, পাকিস্তানের বিপক্ষে খেলবেন তো

‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমার কথা এআই দিয়ে বানানো, কেউ বিশ্বাস করবেন না’

‘আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, ক্ষমতা নেই, আমার শক্তি একটাই—সততা’